বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে খালাতো বোনকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে জান্নাতের মৃত্যু

মাসুদ হোসেন প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৯:০৮ পিএম
চাঁদপুরে খালাতো বোনকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে জান্নাতের মৃত্যু
চাঁদপুর সদর উপজেলার মহামায়ায় দীঘির পানিতে পড়ে যাওয়া খালাতো বোনকে বাঁচাতে গিয়ে আরেক খালাতো বোনের মৃত্যু হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া বাজার সংলগ্ন লোধেরগাঁও বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মতলবের উপাদী দক্ষিণ ইউনিয়নের গোসাইপুর মাল বাড়ির জলিল হোসেন এর বড় মেয়ে খাদিজা আক্তার জান্নাত (১২) মহামায়া নানার বাড়িতে বেড়াতে আসেন। ঘটনার দিন দুপুরে সে লাইফ জ্যাকেট পড়ে ঘরের সামনের দীঘিতে সাঁতার কাটছিলেন।
এসময় তার আরেক খালাতো বোন চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজার এলাকার বাসিন্দা দিদার হোসেন এর পাঁচ বছর বয়সী মেয়ে আদিয়া আক্তারও ঘাটে বসে ছিলেন। একপর্যায়ে আদিয়া খেলার ছলে পানিতে পড়ে যাওয়া দেখতে পেয়ে বড় খালাতো বোন জান্নাত তার লাইফ জ্যাকেট খুলে ছোট খালাতো বোনকে বাঁচাতে গেলে তিনি ডুবে যান।
ঘটনাটি উপর থেকে পার্শ্ববর্তী ৩ বছর বয়সী একটি শিশু দেখতে পেয়ে দ্রুত জান্নাত ও আদিয়ার নানার পরিবারকে খবর দিলে তারা আদিয়াকে ভাসমান অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। এদিকে জান্নাতকে ২০ মিনিটের মতো খোঁজ না পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসকে বিষয়টি অবগত করেন। স্থানীয়রা বিভিন্নভাবে খোঁজাখুঁজি করে প্রায় পৌনে ১ ঘন্টা পর তার দেহ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এর মধ্যে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পথিমধ্যে এলে তার লাশ পাওয়া যায়। অন্যদিকে ৫ বছর বয়সী শিশু আদিয়ার চিকিৎসা সেখানেই চলমান রয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শী তুহিন বেপারী।
জানা যায়, নিহত খাদিজা আক্তার জান্নাত (১২) এর বাবা-মা দুজনেই পেশাগত কারনে চট্টগ্রামে ছিলেন। এবং গত ৪ দিন আগে জান্নাত নানার বাড়িতে বেড়াতে এসেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। সে পঞ্চম শ্রেনীর ছাত্রী ও দুই বোনের মধ্যে বড়। তার মৃত্যুতে নানার বাড়ি মহামায়া এলাকাসহ নিজ এলাকা বইছে এক শোকের মাতম। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ দাফন করা হয়নি। নিহত জান্নাত মহামায়া এলাকার বেপারী বাড়ির মতিন বেপারীর নাতনি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।