শিক্ষা উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার
শাহরাস্তি চিশতিয়া মাদ্রাসার গভর্নিং বডির পরিচিত সভা অনুষ্ঠিত
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার অন্যতম প্রাচীন ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার নবনির্বাচিত গভর্নিং বডির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এই সভা হয়।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন দশম শ্রেণীর ছাত্র মো. তাওহীদুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি একরামুল হক পাটোয়ারী এবং সঞ্চালনা করেন শিক্ষক মো. সোয়াইব।

সভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎসাহী সদস্য আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি, দাতা সদস্য সহিদ উল্ল্যা মিয়াজি ও মাওলানা মো. ওমর ফারুক, অভিভাবক সদস্য সেলিম পাটোয়ারী, আব্দুল কাইয়ুম রিপন, বাদশা ফয়সাল, শেখ মো. আনিছ, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য সেলিনা বেগম, সাধারণ শিক্ষক সদস্য মো. সোয়াইব, মো. আবু হানিফ, তরিকুল ইসলাম এবং সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য আকলিমা বেগম।

সদস্য সচিব ও অধ্যক্ষ বেলাল হোসেন নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাগত জানান।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক দুই বছরের জন্য অনুমোদিত এই কমিটি ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুমোদন লাভ করে। অনুমোদনের পর এটাই ছিল নবনির্বাচিত গভর্নিং বডির প্রথম আনুষ্ঠানিক সভা।
সভায় সভাপতি একরামুল হক পাটোয়ারী বলেন, “এই মাদ্রাসা আমাদের এলাকার একটি ঐতিহ্য। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কমিটির সমন্বিত প্রচেষ্টায় আমরা এটিকে চাঁদপুর জেলার অন্যতম আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষা ও শৃঙ্খলা—এই দুই ভিত্তির ওপরই আমাদের কাজ এগিয়ে যাবে।”
বিদ্যুৎসাহী সদস্য আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি বলেন, “আজকের যুগে কেবল ধর্মীয় জ্ঞান নয়, আধুনিক প্রযুক্তি ও সাধারণ শিক্ষার সমন্বয় জরুরি। আমি চাই এই মাদ্রাসার ছাত্ররা যুগোপযোগী শিক্ষা গ্রহণ করে সমাজে নেতৃত্ব দিক।”
সভায় অন্যান্য বক্তারা মাদ্রাসার শিক্ষা পরিবেশ, অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার্থীদের চরিত্র গঠনে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





