বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নির্বাচনকে বানচালের নানা ষড়যন্ত্র চলছে : চাঁদপুরে ইশরাক হোসেন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৮:১১ পিএম
নির্বাচনকে বানচালের নানা ষড়যন্ত্র চলছে :  চাঁদপুরে ইশরাক হোসেন
বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ‘বিগত ১৭ বছর পর একটি ফ্যাসিবাদী সরকারের পতনের ফলে বাংলাদেশকে পুনর্গঠনের জন্য যে রাষ্ট্র কাঠামো সংস্কার প্রয়োজন। তা করার মতো রাজনৈতিক শক্তি, মেধা ও প্রজ্ঞা বিএনপির রয়েছে। আগামী নির্বাচনকে বানচাল করার জন্য নানা ষড়যন্ত্র চলছে। তবে বাংলাদেশের জনগণ তাদের ইচ্ছা অনুযায়ী ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করবে এবং সেই পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
আজ শুক্রবার (১৭ অক্টোবর) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ‘বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন রাজনীতিতে কিছুটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে জাতীয় নির্বাচনে এর বিন্দুমাত্র প্রভাবও পড়বে না। মতলবে এসে এ ধরনের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প দেখে অনুপ্রাণিত হয়েছি।
তাই ঢাকাতেও এ রকম বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করব।’
স্বাধীনতা যুদ্ধের ইতিহাস তুলে ধরে ইশরাক হোসেন বলেন, ‘১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাক হানাদার বাহিনী নিরীহ মানুষের ওপর হত্যাযজ্ঞ চালায়, তখন আওয়ামী লীগ পালিয়ে গিয়েছিল। কিন্তু মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র দখল করে দেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধের আহ্বান জানান, তখন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা হয়।’
তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান যদি দেশে এসে ৩১ দফা বাস্তবায়নের সুযোগ পান, তাহলে বাংলাদেশকে এমন একটি রাষ্ট্রে রূপান্তর করবেন যেখানে ধনী-গরিব, জাতি-ধর্ম-নির্বিশেষে সবাই নাগরিক সেবার আওতায় আসবে।
তারেক রহমান প্রত্যেক প্রান্তিক জনগোষ্ঠীর জন্য হেলথ কার্ড চালুর ঘোষণা দিয়েছেন, যার মাধ্যমে মানুষ বিনা মূল্যে ভালো চিকিৎসা পাবে।’
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, ‘১৭ বছরে আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, প্রায় ৩০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে দেশে-বিদেশে ৮০০ বাড়ি পাওয়া গেছে।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও ঢাকা মহানগর উত্তর ড্যাব সভাপতি প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বলেন, ‘আমি যদি দলের মনোনয়ন পেয়ে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নের সুযোগ পাই। তাহলে বৃহত্তর মতলবের স্বাস্থ্য ব্যবস্থাকে বাংলাদেশের মডেল করব।
উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে হেলথ সেন্টারগুলোতে শতভাগ চিকিৎসক নিশ্চিত করা হবে। পাশাপাশি মতলবে একটি টেকনিক্যাল কলেজ ও নার্সিং কলেজ স্থাপন করব, ইনশাআল্লাহ্। এই মতলবে কোনো মাদক কারবারি, চাঁদাবাজ, বালুখোর বা ভূমিদস্যুর ঠাঁই হবে না। মতলব হবে আধুনিক ও নিরাপদ উপজেলা।’
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহাম্মদ খান, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাডভোকেট এসএম মফিজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন প্রমুখ।
সমাজসেবক ও শিক্ষানুরাগী জামাল উদ্দিনের পরিচালনায় বিনা মূল্যে এই স্বাস্থ্যসেবা ক্যাম্পে ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা এলাকার ৮ শতাধিক অসহায় মানুষকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।