বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দোয়া চাইতে গিয়ে হাজীগঞ্জে আওয়ামী লীগ নেতার হামলার শিকার বিএনপি নেতা

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৭:৩০ পিএম
দোয়া চাইতে গিয়ে হাজীগঞ্জে আওয়ামী লীগ নেতার হামলার শিকার বিএনপি নেতা

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ওড়পুর গ্রামে দোয়া চাইতে গিয়ে আওয়ামী লীগ নেতার হামলার শিকার হয়েছেন বিএনপি নেতা হারুন মিয়া।

সোমবার (২০ অক্টোবর) সকালে দুলাল মিয়ার বসত ঘরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়- ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন মিয়া পবিত্র ওমরা পালনের আগে একই ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি সদস্য দুলালের ঘরে দোয়া চাইতে যান। এসময় হঠাৎ ক্ষিপ্ত হয়ে দুলাল হারুন মিয়ার ওপর চড়াও হন এবং এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে হারুন মিয়াকে উদ্ধার করেন।

একজন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় প্রত্যক্ষদর্শী বলেন-আমাদের সামনেই দুলাল হারুন ভাইয়ের উপর হামলা করে। সবাই হতবাক হয়ে যায়।

Model Hospital

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী হারুন মিয়া বলেন- আমি দোয়া চাইতে গেলে আমার উপর হামলা করা হয়।

অভিযুক্ত আওয়ামীলীগ নেতা দুলাল বলেন- বিসয়টি চেয়ারম্যান সমাধান করবেন।

৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন বলেন-আমি অভিযোগটি পেয়েছি। হারুন মিয়া বর্তমানে হজে আছেন। তিনি ফিরে আসার পর বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় রাজনৈতিক মহল মনে করছেন আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়তে শুরু করেছে। এমন ঘটনাগুলো পারস্পরিক সম্প্রীতি নষ্ট করছে বলে সাধারণ জনগণ মন্তব্য করেছেন।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।