রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

কচুয়া উপজেলা ডায়াগনস্টিক হাসপাতাল মালিক সমিতির সভাপতি কাজী ফরহাদ নির্বাচিত

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৭:০৩ পিএম
কচুয়া উপজেলা ডায়াগনস্টিক হাসপাতাল মালিক সমিতির সভাপতি কাজী ফরহাদ নির্বাচিত
চাঁদপুরের কচুয়া উপজেলা ডায়াগনস্টিক হাসপাতাল মালিক সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী কাজী মেডিকেলের  স্বত্বাধিকারী কাজী আনোয়ার উল্লাহ ফরহাদ।
বৃহস্পতিবার বিকালে কচুয়া বিশ্বরোড রাজমহল হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্টে সমিতির সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচিত করা হয়। ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও প্রতিনিধিরা।
নবনির্বাচিত সভাপতি কাজী আনোয়ার ফরহাদ বলেন-কচুয়া উপজেলার মানুষের জন্য মানসম্মত ও সাশ্রয়ী চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা একসঙ্গে কাজ করবো।”
তার নেতৃত্বে সমিতি আরও সক্রিয় হয়ে চিকিৎসা খাতে শৃঙ্খলা ও সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল প্রধান আবেগ, সহ-সভাপতি কামরুল হাসান, পৌর ছাত্রদল নেতা জাফরুল হাসান প্রমুখ।

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০০ এম
হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জে ‘ভাটরার জাউরা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো.শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত শুকুর আলম ওই বাড়ির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারেককে মারধর করা হলে তার চিৎকার শুনে শুকুর আলম এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয় এবং গাছের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, ভাটরা গ্রামের মেহেদী, জিসান মোল্লা, শাহিন ও শাওন এবং সৈয়দপুর গ্রামের ইউসুফ, সাব্বির, আহসান ও সিয়ামসহ কয়েকজন এ হামলায় জড়িত।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি-‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। এর আগেও তাদের হামলায় ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এর আগে গ্রুপটির কয়েকজন সদস্য ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।