রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

চাঁদপুর-২ ড. জালাল উদ্দিনের মনোনয়নে আনন্দ উচ্ছ্বাসে‌র জোয়ার

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ১২:৩৬ এম
চাঁদপুর-২ ড. জালাল উদ্দিনের মনোনয়নে আনন্দ উচ্ছ্বাসে‌র জোয়ার
চাঁদপুর-২ (মতলব উত্তর- দক্ষিণ) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলের  জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
মনোনয়নের সংবাদ এলাকায় পৌঁছাতেই মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার কর্মী-সমর্থকরা আনন্দ মিছিল বের করে। মিছিল ছেংগারচর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার চত্বর এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
স্থানীয় বিএনপি সূত্র জানায়, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, মাঠ পর্যায়ে শক্ত অবস্থান এবং জনগণের কাছে গ্রহণযোগ্যতার কারণে কেন্দ্রীয় সিদ্ধান্তে আলহাজ্ব ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিনের নামই চূড়ান্ত হয়। ঘোষণার পরপরই মতলব উত্তর ও মতলব দক্ষিণের সর্বত্র উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও কর্মীদের অভিনন্দনের ঢল নামে।
মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ডঃ মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, “এটি চাঁদপুর-২ আসনের জনতার বিশ্বাসের প্রতিফলন। আমি দলের নেতাকর্মী ও সাধারণ জনগণের ভালোবাসায় ঋণী।” তিনি সকলকে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিতে এবং মসজিদে গিয়ে শুকরিয়া আদায় করতে আহ্বান জানান।
এদিকে ছেংগারচর পৌর বিএনপির সভাপতি ও অন্যান্য নেতারা বলেছেন, এই ঘোষণার মাধ্যমে মতলব উত্তর ও দক্ষিণে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে বিএনপি। মাঠ পর্যায়ে সংগঠন আরও সক্রিয় হবে এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করা হবে বলে আশা প্রকাশ করেন তারা।
স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন, আলহাজ্ব ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে মতলব উত্তর ও মতলব দক্ষিণ আসনের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন ঘটেছে।

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০০ এম
হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জে ‘ভাটরার জাউরা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো.শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত শুকুর আলম ওই বাড়ির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারেককে মারধর করা হলে তার চিৎকার শুনে শুকুর আলম এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয় এবং গাছের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, ভাটরা গ্রামের মেহেদী, জিসান মোল্লা, শাহিন ও শাওন এবং সৈয়দপুর গ্রামের ইউসুফ, সাব্বির, আহসান ও সিয়ামসহ কয়েকজন এ হামলায় জড়িত।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি-‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। এর আগেও তাদের হামলায় ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এর আগে গ্রুপটির কয়েকজন সদস্য ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।