রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

দেশের প্রথম ঝুলন্ত সেতু হচ্ছে চাঁদপুরের মতলব-গজারিয়া সেতু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৯:২৯ পিএম
দেশের প্রথম ঝুলন্ত সেতু হচ্ছে চাঁদপুরের মতলব-গজারিয়া সেতু

দেশের প্রথম প্রকৃত ক্যাবল স্টেইড (ঝুলন্ত) সেতু হিসেবে নির্মিত হচ্ছে মতলব-গজারিয়া সেতু। চাঁদপুরের মতলব উত্তর ও মুন্সিগঞ্জের গজারিয়াকে সংযুক্ত করতে মেঘনা নদীর ওপর নির্মিত এই সেতুটি হবে আধুনিক প্রকৌশলের এক অনন্য নিদর্শন। সেতুর নকশা, পরিবেশ ও নদীর প্রবাহমানতা রক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ এগিয়ে নিচ্ছে সেতু বিভাগ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে সেতুর নির্মাণ ও সংযোগ সড়ক প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে আসেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

তিনি জানান, প্রকল্পের ভূমি অধিগ্রহণ ও বিস্তারিত নকশা প্রণয়ন প্রায় শেষ পর্যায়ে। তিনি আশা প্রকাশ করেন, আগামী বছরের প্রথমার্ধেই নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে।

Model Hospital

এই সেতু নির্মিত হলে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধে ফোর লেন রাস্তা নির্মাণের কাজও শুরু হবে, যা চাঁদপুর হয়ে ফেনী ও চট্টগ্রাম পর্যন্ত দ্রুত যোগাযোগের বিকল্প রুট হিসেবে গড়ে উঠবে। এটি হবে এন-১ জাতীয় মহাসড়কের বিকল্প পথ।

মোহাম্মদ আবদুর রউফ আরও জানান, দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক সহযোগিতা তহবিলের আওতায় প্রকল্পের অর্থায়নে ইতিবাচক অগ্রগতি হয়েছে। প্রাথমিক চুক্তির কাঠামোও চূড়ান্ত হয়েছে। অর্থ ছাড়ের পরপরই টেন্ডার আহ্বান ও নির্মাণকাজ শুরু করা হবে।

সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ভিখারোদ্দৌলা ভুলু চৌধুরী জানান, ১.৮৫ কিলোমিটার দীর্ঘ এই দৃষ্টিনন্দন সেতুটি হবে সম্পূর্ণ পরিবেশবান্ধব। নদীর নাব্য ও প্রবাহ বজায় রাখতে ২৫ মিটার উঁচু ভার্টিক্যাল ক্লিয়ারেন্স রাখা হয়েছে। সেতুর সঙ্গে থাকবে ছয় লেনের সংযোগ সড়ক—যার মধ্যে ফোর লেন মূল রাস্তা ও দুই পাশে সার্ভিস লেন থাকবে।

তিনি আরও বলেন, প্রকল্পের আওতায় আড়াই কিলোমিটার নদী শাসনের কাজ করা হবে যাতে নদীভাঙন রোধ হয় এবং সেতুটি দীর্ঘস্থায়ী হয়। পাশাপাশি মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের ৬২ কিলোমিটার বেড়িবাঁধ প্রশস্ত করে উন্নতমানের রাস্তা নির্মাণ করা হবে।

পরিদর্শনকালে সেতু বিভাগের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা, প্রকল্প পরিচালক মো. আবুল হোসেন, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।