চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার
চাঁদপুর সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জানা যায়, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ৭টা ১৫ মিনিটে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনী উত্তর গুনরাজদী এলাকায় অভিযান চালায়। স্থানীয় সূত্রে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানকালে একটি ৭ এমএম পিস্তল (মেড ইন ইন্ডিয়া), একটি ম্যাগাজিন ও একটি রাউন্ড পিস্তল অ্যামুনিশন উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

যৌথ বাহিনীর কর্মকর্তারা জানান, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে যৌথ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তীতে আইনি প্রক্রিয়ার জন্য চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
একাধিক সূত্র জানিয়েছে, সম্প্রতি সদর উপজেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং সক্রিয় হয়ে উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এসব গ্যাং সদস্যদের দমন ও অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।





