বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সিআইপির অভ্যন্তরে অবিলম্বে খাল খনন শুরুর দাবিতে কৃষক সংগ্রাম কমিটির সংবাদ সম্মেলন

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৮:০৬ পিএম
সিআইপির অভ্যন্তরে অবিলম্বে খাল খনন শুরুর দাবিতে কৃষক সংগ্রাম কমিটির সংবাদ সম্মেলন
চাঁদপুর সেচ প্রকল্পের (সি.আই.পি.) অভ্যন্তরে অবিলম্বে খাল খনন, স্লুইসগেটের নতুন পাম্প স্থাপন, ১১৫টি খাল পুনঃখনন, ২২টি কালভার্ট নির্মাণ ও ড্রেন পাকাকরণসহ গৃহীত পরিকল্পনার দ্রুত বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ডাকাতিয়া নদী ও খাল খনন বাস্তবায়ন কৃষক সংগ্রাম কমিটি।
বুধবার (১৯ নভেম্বর ২০২৫) ফরিদগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন দুলাল লিখিত বক্তব্য পেশ করেন।
তিনি বলেন, ২০২৪ সালে সি.আই.পি. অঞ্চলে ভয়াবহ জলাবদ্ধতার কারণ অনুসন্ধান করতে গিয়ে কমিটি এক মর্মান্তিক বাস্তবতা খুঁজে পায়। ষাটের দশকে সেচ প্রকল্পের বাঁধ নির্মাণের পর থেকে অভ্যন্তরের সেবখাল ও বোরোপিট খালগুলোর আর কখনো পুনঃখনন হয়নি। ২০ বছরের আয়ুস্কালের সেচ পাম্প ৪৭ বছরেও সংস্কার করা হয়নি। এর ফলে এক সময় পানির সংকট, আরেক সময় জলাবদ্ধতা—এই দুই বিপর্যয়ের মধ্যে পড়ে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।
তিনি আরও জানান, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, কৃষক, জেলে, মৎস্যজীবীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে এবং তথ্য সংগ্রহ করে দেখা যায়—খাল পুনঃখনন, পাউবোর সেচ পাম্প সংস্কার এবং ডাকাতিয়া নদী ও খাল থেকে কচুরিপানা অপসারণ ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়। এ দাবির প্রেক্ষিতে গত অর্থবছরে জেলা প্রশাসন, এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ড কিছু খাল খননসহ বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি বলেন, এখন শুষ্ক মৌসুমে সি.আই.পি. এলাকার কৃষকদের অস্তিত্ব রক্ষায় স্লুইসগেটে নতুন পাম্প স্থাপন এবং ১১৫টি খাল ও ২২টি কালভার্ট নির্মাণসহ গৃহীত পরিকল্পনার কাজ দ্রুততম সময়ে শুরু করা জরুরি। এ দাবিতে আগামী ২৪ নভেম্বর কৃষক সমাবেশ এবং জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করবে কৃষক সংগ্রাম কমিটি।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে খোরশেদ আলম, ওহাব আলী, রহিমা আক্তার, মমতাজ উদ্দিন, আমান উল্লাহ, মো. মামুন, আকবর আলী, মোজাম্মেল হক, খলিলুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।