শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বিজয়ীর উদ্যোগে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস পালিত

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৭:৩০ পিএম
চাঁদপুরে বিজয়ীর উদ্যোগে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস পালিত

দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে অর্থনীতিকে গতিময় করতে কাজ করে যাচ্ছেন নারী উদ্যোক্তারা। উদ্যোক্তা হিসেবে অর্থনীতিতে নারীর প্রবেশ যেমন কর্মসংস্থানের সৃষ্টি করছে, তেমনি ছড়িয়ে দিচ্ছে নারীর ক্ষমতায়নের দৃষ্টান্ত।

গত ১৯ নভেম্বর বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস। বিশ্বের নারী উদ্যোক্তাদের সম্মান জানাতে এবং নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে প্রতিবছর আন্তর্জাতিকভাবে দিবসটি পালন হয়। তারই ধারাবাহিকতায় চাঁদপুরের প্রথম প্রশিক্ষন বেইজ নারী সংগঠন বিজয়ীর উদ্যোগে জমকালো আয়োজনে পালিত হলো বিশ্ব নারী উদ্যোক্তা দিবস ২০২৫।

আমরা নহে দেবী, নহে সামান্য নারী,আমরা নারী আমরাই পারি, আমরা বিজয়ী “এই স্লোগানে চাঁদপুরের ত্রিনদীর মোহনায় বিজয়ী নারী উন্নয়ন সংস্থার ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান কেক কেটে আলোচনা সভার শুভ সূচনা করেন। উক্ত অনুষ্ঠানে উদ্যোক্তারা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের কথা বলেন। চ্যালেঞ্জ মোকাবেলার বিষয় নিয়ে বিভিন্ন পরামর্শ করা হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে নারী উদ্যোক্তাদের নিয়ে নৌভ্রমন, মিনি কক্সবাজার পরিদর্শন, নেটওয়ার্কিং, আড্ডা, এবং নানা রকম খাবারের স্বাদ নিয়ে তাঁরা হেসে খেলে দিবসটি উদ্‌যাপন করেন।

Model Hospital

তানিয়া ইশতিয়াক খানের পক্ষ থেকে নারী উদ্যোক্তাদের নিয়ে বিভিন্ন মজার মজার গেমস এবং প্রতিযোগিতার আয়োজন করা হয় এই অনুষ্ঠানে। তিন ক্যাটাগরিতে সেরা তিনজনকে নির্বাচিত করে পুরস্কৃত করা হয়।

আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবসের এই উদ্‌যাপন নিয়ে বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান বলেন, চাকরি জন্য বসে না থেকে নিজ মেধাকে কাজে লাগানো উচিত । উদ্যোক্তা হতে হলে সবার আগে জরুরি নেটওয়ার্কিং। যাঁরা উদ্যোক্তা হতে চান বা নতুন উদ্যোক্তা, তাঁদের জন্য নেটওয়ার্ক বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি যিনি যেসব পণ্য নিয়ে কাজ করতে চান, সেটা সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে।

তিনি আরও বলেন নারীরা ঘরে-বাইরে সমানভাবে এগিয়ে যাচ্ছে। কিন্তু এখনো অনেক নারী ব্যবসা শুরু করতে ভয় পান বা সুযোগ পান না। তাদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই চাঁদপুরের প্রতিটি নারী নিজের পায়ে দাঁড়াক। প্রশিক্ষণ, পরামর্শ, বিপণনসহ সব ধরনের সহযোগিতা আমরা দিয়ে যাবো।ভবিষ্যতে উদ্যোক্তা হতে নারীরা আরও বেশি করে এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেন তানিয়া ইশতিয়াক ।

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে ঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মুকবিল-২ লঞ্চ ও লঞ্চের ২জন স্টাফকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর মুকবিল-২ লঞ্চ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি এবং ২জন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

Model Hospital

স্থানীয় সৈকত নামের একজন বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে লঞ্চযাত্রীরাও যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে দুর্ঘটনা প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে তাদের ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছতে দেরী হওয়ার বিষয়ে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পান তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ বলেন, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়েছে।ঘটনাস্থলে ৪ জন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথাও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।