বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী –২০২৫ অনুষ্ঠিত

আধুনিক প্রযুক্তি খামারিদের স্বাবলম্বিতার নতুন দুয়ার খুলেছে : ইউএনও নাজিয়া

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১০:৫১ পিএম
আধুনিক প্রযুক্তি খামারিদের স্বাবলম্বিতার নতুন দুয়ার খুলেছে : ইউএনও নাজিয়া
সারা দেশের মতো শাহরাস্তিতেও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) পৌর শহরের মেহের কালীবাড়ি মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও এলডিডিপি প্রকল্পের সহযোগিতায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
মোট ৩০টি স্টল নিয়ে আয়োজিত এই প্রদর্শনীতে গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, বিড়াল, কুকুর, কবুতর, খাদ্য ও ঔষধসহ বিভিন্ন উন্নত জাতের প্রাণী, আধুনিক প্রযুক্তিনির্ভর পশু পরিচর্যা পদ্ধতি এবং খামার ব্যবস্থাপনার মডেল উপস্থাপন করা হয়। নারী উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ মেলাটিকে ছিল প্রাণবন্ত ও সমৃদ্ধ।
মূল্যায়ন শেষে ৪টি ক্যাটাগরিতে ১২ জন বিজয়ীর মধ্যে সনদ ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন। ইউএনও নাজিয়া হোসেন বলেন, আধুনিক প্রযুক্তি খামারিদের স্বাবলম্বিতার নতুন দুয়ার খুলেছে। কৃষিনির্ভর বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও উন্নত পুষ্টি নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিজ্ঞানসম্মত পশুপালন ব্যবস্থায় আজ বাংলাদেশ প্রাণিসম্পদ খাতে প্রায় স্বাবলম্বী হয়ে উঠেছে। খামারিরা সরকারি প্রণোদনা কাজে লাগিয়ে সফলতা অর্জন করছে। আজকের এই প্রদর্শনী খামারিদের অভিজ্ঞতা ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তিনি আরও বলেন, প্রাণিজ আমিষ সুষম পুষ্টির উৎস; এটি বেকারত্ব দূরীকরণ, নারীর ক্ষমতায়ন ও বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপজেলা প্রশাসন ভবিষ্যতেও এ খাতে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাকসুদ আলম। তিনি বলেন, খামারিদের সফলতা তুলে ধরা, উন্নত জাতের পশু পরিচর্যা এবং আধুনিক খামার ব্যবস্থাপনা সম্পর্কে জনগণকে সচেতন করাই এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাসার পিপিএম বার,সাবেক প্রাণিসম্পদ অফিসার ডাঃ দুলাল চন্দ্র ঘোষ,প্রকৌশলী মাইনুল হোসেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামছুল আমীন,কাজী ডাঃ নাজমুল সাকী,উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ শাহজাহান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম,উপ -সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রুহুল আমিন, খামারি গিয়াস উদ্দিন, রবিউল আলম প্রমুখ।অনুষ্ঠান পরিচালনা করেন অফিস সহকারী ইমরান হোসেন।
এছাড়া সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ মাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে প্রদর্শনীটি ছিল প্রাণবন্ত ও সফল।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।