বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে বাসচাপায় নাতনির মৃত্যুর কয়েক ঘণ্টা পর নানিরও মৃত্যু

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১১:২৪ এম
হাজীগঞ্জে বাসচাপায় নাতনির মৃত্যুর কয়েক ঘণ্টা পর নানিরও মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে পদ্মা ট্রান্সপোর্টের বাসচাপায় ছয় বছরের শিশু মার্জিয়া নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থেকে মারা গেছেন তার নানি নাজমা বেগমও। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার পশ্চিম বাজার শেরাটন হোটেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা নানি–নাতনিকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু মার্জিয়াকে মৃত ঘোষণা করেন। নাজমা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বলেন,
“হাসপাতালে শিশু মার্জিয়াকে মৃত অবস্থায় পেয়েছি। নাজমা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লায় পাঠানো হয়। সকালে শুনেছি তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।”

শিশু মার্জিয়ার নানা মনির হোসেন জানান, রাতে স্ত্রী নাজমা বেগম ও নাতনি মার্জিয়াকে নিয়ে তাঁরা বাজারে গিয়েছিলেন। ফেরার পথে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ শেরাটন হোটেলের সামনে দিয়ে সড়ক পার হওয়ার সময় পূর্ব দিক থেকে আসা চাঁদপুরগামী দ্রুতগতির বাসটি তাদের চাপা দেয়।

Model Hospital

দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করেন এবং চালক আব্দুল হান্নানকে পুলিশের হাতে তুলে দেন। আটক চালক দাবি করেন, তিনি প্রকৃতপক্ষে সুপারভাইজার; ড্রাইভিং করার সময় মনোযোগ অন্যদিকে ছিল।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, “ঘাতক বাস ও দুটি মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

নিহত মার্জিয়ার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বিগা ডালি গ্রামে। নাজমা বেগম ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের বড় হাজী বাড়ির বাসিন্দা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital