শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

৪র্থ বারের এ আয়োজনে থাকবে ঢাকা, চাঁদপুর, পাবনা ও কুষ্টিয়ার শিল্পীরা

আগামী শনিবার চর্যাপদ সাহিত্য একাডেমির শীতকালীন গিটারসন্ধ্যা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৭:৪৫ পিএম
আগামী শনিবার চর্যাপদ সাহিত্য একাডেমির শীতকালীন গিটারসন্ধ্যা

চতুর্থবারের মতো শীতকালীন গিটারসন্ধ্যার আয়োজন করেছে প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমি।

আগামী ২৭ ডিসেম্বর শনিবার চাঁদপুর পুরান বাজার দাসপাড়াস্থ উদয়ন কচি-কাঁচার মেলার হলরুমে বিকেল ৫টায় ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করবেন চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট আইনজীবী ও সাংস্কৃতিক অনুরাগী রোটারিয়ান শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন।

বিশেষ অতিথি থাকবেন প্যাপিরাস পাঠাগারের উপদেষ্টা মোহাম্মদ শাহ-আলম, রেলওয়ে কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মাহমুদা খানম, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল সাহা, দৈনিক প্রিয় চাঁদপুরের প্রধান সম্পাদক বিপ্লব সরকার, চাঁদপুর সদর উপজেলা সিসিডিএ সমন্বয়ক নার্গিস আক্তার ও শিশু থিয়েটারের সভাপতি পিএম বিল্লাল। সঞ্চালনায় থাকবেন কবি শিউলী মজুমদার।

Model Hospital

অনুষ্ঠানে হাওয়াইয়ান গিটার পরিবশেন করবেন বাংলাদেশ বেতারের নিয়মিত গিটারশিল্পী সিদ্দিকুর রহমান বকুল, সৈয়দ এ রেজা, পাবনা জেলা শিল্পকলা একাডেমি সম্মাননাপ্রাপ্ত গিটারিস্ট জিল্লুর রহমান সোহেল, চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি সম্মাননাপ্রাপ্ত গিটারিস্ট দিলীপ কুমার ঘোষ, কুষ্টিয়ার উদীয়মান গিটারিস্ট সামিরা যুহরী ইউশা এবং চাঁদপুরের উদীয়মান গিটারিস্ট ঐশী ঘোষ।

ছয় শিল্পীর গিটারে বেজে উঠবে দেশি-বিদেশি সমকালীন এবং হারানো দিনের গান। থাকবে সংগীত, নৃত্য এবং কবিতা আবৃত্তিও।

অনুষ্ঠানটি সর্বস্তরের মানুষের জন্যে উন্মুক্ত থাকবে। শিল্প-সংস্কৃতিমনা সবাইকে যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিতি থাকার অনুরোধ জানিয়েছেন উদযাপন পরিষদের আহ্বায়ক জয়ন্তী ভৌমিক, সদস্য সচিব কামরুন্নাহার বিউটি, বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, সদস্য সচিব রাসেল ইব্রাহীম এবং চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি।

এ বছরের অনুষ্ঠানেও মিডিয়া পার্টনার থাকবে অনলাইন নিউজ পোর্টাল ফোকাস মোহনা।

শখ করে বাড়িতে পুষছিলেন বিষধর গোখরা, সেই সাপের ছোবলেই হাসপাতালে চাঁদপুরের কাঠমিস্ত্রি!

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১২:১১ এম
শখ করে বাড়িতে পুষছিলেন বিষধর গোখরা, সেই সাপের ছোবলেই হাসপাতালে চাঁদপুরের কাঠমিস্ত্রি!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শখ করে বাড়িতে বিষধর গোখরা সাপ পুষছিলেন স্থানীয় কাঠমিস্ত্রি ইকবাল হোসেন (৪৫)। সেই সাপের কামড়েই এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার ভূঁইয়াকান্দি গ্রামে ঘটেছে এই ঘটনায়। রাতের সাড়ে ৯টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ইকবাল হোসেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সাপের কামড়ে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন ইকবাল। পরপর দুই ডোজ (২০ ভায়াল) অ্যান্টিভেনম দেওয়ার পর এখন তৃতীয় ডোজই রোগীর জীবন রক্ষায় শেষ চেষ্টা। ২৪ ঘণ্টার আগে কোনো কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সাপটিকে খাবার দিতে বাক্স খুলেছিলেন কাঠমিস্ত্রির ইকবাল। তখন হঠাৎ করেই সাপটি তার হাতে কামড় দিলে অসুস্থ হয়ে পড়া ইকবালকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা ও লক্ষণ দেখে এটি বিষধর সাপের কামড় চিহ্নিত হলে দ্রুত অ্যান্টিভেনম প্রথম ডোজ (১০ ভায়াল) দেওয়ার ব্যবস্থা করা হয়।

Model Hospital

ইকবালের স্ত্রী রিনা আক্তার জানান, পাখি পালনসহ বিভিন্ন প্রাণী লালন-পালনের শখ তার স্বামীর। কয়েক মাস আগে বিল থেকে গোখরা সাপটি ধরে বাড়িতে নিয়ে আসেন তিনি। বিষধর সাপটি বাড়িতে না পুষতে রিনা বারবার নিষেধ করেছিলেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধও হয়েছিল। তবে স্ত্রীর নিষেধ উপেক্ষা করে সাপটি পোষা অব্যাহত রাখেন ইকবাল। শেষ পর্যন্ত সেই সাপের কামড়েই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইকবাল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাবিন ইসতেহার জানান, তার অবস্থার উন্নতি না হলে ২য় ডোজ টিকা দেওয়া হয়। তবে তিনি এখনও শঙ্কামুক্ত নন। রোগীর অবস্থা আরও অবনতি হলে সর্বশেষ চেষ্টা হিসেবে ৩য় ডোজও দেওয়া লাগতে পারে। প্রতি ডোজে ১০ ভায়াল।