বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ বিআরডিবি নির্বাচনে সভাপতি পদে জাহাঙ্গীর আলম নান্টু নির্বাচিত

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৯:৩২ পিএম
ফরিদগঞ্জ বিআরডিবি নির্বাচনে সভাপতি পদে জাহাঙ্গীর আলম নান্টু নির্বাচিত
উৎসবমুখর পরিবেশে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (বিআরডিবি)-এর নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
এ নির্বাচনে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু সভাপতি পদে বিজয়ী হয়েছেন। তিনি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারীকে পরাজিত করে জয় লাভ করেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলে। নির্বাচনে মোট ১৯৮ জন ভোটারের মধ্যে ১৮২ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেন এবং ১৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ছাতা প্রতীকে ১০৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু। অপরদিকে চেয়ার প্রতীকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী পেয়েছেন ৬৮ ভোট।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি পদে নুরু নবী মানিক এবং সদস্য পদে মোতালেব পাটওয়ারী, মানিক চন্দ্র দাস ও ফরিদ আহম্মেদ খান নির্বাচিত হন।
বিকাল সাড়ে ৩টায় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও মতলব উত্তর উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক আলম আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচন ঘিরে সমবায় কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় ভোটার ও সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।