বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে লঞ্চ দূর্ঘটনা; এমভি জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের রুট পারমিট বাতিল

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ২:১৫ পিএম
চাঁদপুরে লঞ্চ দূর্ঘটনা; এমভি জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের রুট পারমিট বাতিল

চাঁদপুরের মেঘনা নদীতে মাঝরাতে ২ যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনায় সংশ্লিষ্ট ২ লঞ্চের রুট পারমিট বাতিল করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। একই সঙ্গে ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা জানান, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে চাঁদপুরের হাইমচর ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে সংঘর্ষের পর এমভি জাকির সম্রাট-৩ এবং এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে। এ ঘটনায় মেরিন কোর্টে মামলা করা হবে।

ঘটনার পর ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি জব্দ করেছে নৌ-পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে লঞ্চটি ঝালকাঠি লঞ্চ টার্মিনালে নোঙর করলে বরিশাল নৌ-পুলিশ ও ঝালকাঠি থানা-পুলিশ যৌথভাবে সেটি জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বরিশাল নৌ-পুলিশের পুলিশ সুপার এস এম নাজমুল হক বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই লঞ্চটির অবস্থান শনাক্ত করা হয়।

Model Hospital

ঝালকাঠিতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই লঞ্চটি জব্দ করা হয়।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ মাহমুদ জানান, লঞ্চটি নোঙর করার পর সারেং, সুকানি, সুপারভাইজার ও ইঞ্জিনচালক পালিয়ে যান। পরে চারজন কেবিন বয়কে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহাগ রানা বলেন, সংঘর্ষে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।

অপর‌দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় অর্ধনিমজ্জিত বালুবাহী বাল্কহেডে আটকে থাকা ২ শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে তাদের লাশ উদ্ধার করে নৌ-পুলিশ।

নিহত দুজন হলেন- পটুয়াখালীর দুমকি উপজেলার শাকিল আহমেদ (২৪) ও ঝালকাঠির রাজাপুর এলাকার মোহাম্মদ হাসান (২০)। তারা দুজনই বাল্কহেডের লস্কর ছিলেন।

নৌ-পুলিশ জানিয়েছে, এ ঘটনার পর সুন্দরবন-১৬ লঞ্চটি সিল করা হয়েছে।

চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত লঞ্চটি বন্ধ থাকবে। একই সঙ্গে লঞ্চটির স্টাফদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital