বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের আষ্টা বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৯:২৩ পিএম
ফরিদগঞ্জের আষ্টা বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

ফরিদগঞ্জে কমিনিউটি পুলিশিং সভায় বক্তব্য দিচ্ছেন উপপরিদর্শক হুমায়ুন কবির।

চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হাসানের নির্দেশনা এবং ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিনের দিকনির্দেশনায় ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের আষ্টা বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে আষ্টা মধ্যবাজারে আয়োজিত এ সভায় বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে এবং শাহিন পাটওয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক ও গুপ্টি পূর্ব ইউনিয়নের বিট অফিসার হুমায়ূন কবির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার এএসআই শামছুল আলম। এছাড়া বক্তব্য দেন বাজার ব্যবসায়ী কমিটির সহ-সভাপতি ওয়াসিম ও কোষাধ্যক্ষ মাসুদ খন্দকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় ব্যবসায়ী ও এলাকাবাসীর অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং সেবা জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। সভার আয়োজন করে ফরিদগঞ্জ থানা পুলিশ।
প্রধান অতিথির বক্তব্যে উপপরিদর্শক হুমায়ূন কবির বলেন, শুধু পুলিশের পক্ষে সব ধরনের অপরাধ দমন করা সম্ভব নয়। এ ক্ষেত্রে জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত জরুরি। শীতকাল এলেই চুরি, ছিনতাই ও ডাকাতির প্রবণতা বেড়ে যায়। তাই যেকোনো সন্দেহজনক ঘটনা দ্রুত পুলিশকে জানাতে হবে। আপনাদের সহযোগিতা ছাড়া অপরাধ দমন কার্যকরভাবে সম্ভব নয়।
সভায় বাজার ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital