বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-৩ আসনে হাতপাখা প্রার্থী শেখ মোহাম্মদ জয়নাল আবেদীনের মনোনয়ন বৈধ ঘোষণা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৯:২৪ পিএম
চাঁদপুর-৩ আসনে হাতপাখা প্রার্থী শেখ মোহাম্মদ জয়নাল আবেদীনের মনোনয়ন বৈধ ঘোষণা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ জয়নাল আবেদীনের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম সরকার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই ঘোষণা করেন।
মনোনয়নপত্র যাচাই-বাছাই করে সকল নথিপত্র এবং হলফনামা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনার পর তাঁর প্রার্থীতা নির্বাচনে অংশগ্রহণের জন্য সম্পূর্ণ যোগ্য বলে বিবেচিত হয়েছে।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, আমি মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। নির্বাচন কমিশন আইন অনুযায়ী আমার সকল তথ্য সঠিক পেয়েছে। আমি চাঁদপুর-৩ আসনের সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন নিয়ে এগিয়ে যেতে চাই। এই এলাকার উন্নয়ন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমার প্রধান লক্ষ্য।
তিনি চাঁদপুর-৩ আসনের জনতার উদ্দেশ্যে বলেন, আমি আপনাদেরই সন্তান, আপনাদের ভালোবাসা ও আস্থায় নিয়ে কাজ করতে চাই। আপনাদের দোয়া, সমর্থন ও পরামর্শ নিয়ে চাঁদাবাজি, দখলদারি ও দুর্নীতিমুক্ত, নিরাপদ, আধুনিক ও মানবিক চাঁদপুর-৩ গড়ে তুলবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য যে, গত ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে তিনি তাঁর সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের ফলে নির্বাচনী এলাকার ভোটার ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে।
এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, সেক্রেটারী কেএম ইয়াসিন রাশেদসানী সহ ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।