বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা, দুই ট্রাক্টর জব্দ

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১১:৩৪ পিএম
ফরিদগঞ্জে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা, দুই ট্রাক্টর জব্দ

ফরিদগঞ্জে কৃষিজমি থেকে মাটি কাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় ও ২ টি ট্রাক্টর আটক করা হয়েছে।

চাঁদপুরের ফরিদগঞ্জে সরকারি বিধিনিষেধ অমান্য করে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং দুটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের হর্নি দুর্গাপুর এলাকার মৃধা বাড়ির পাশের গুপ্তের বিলের একটি কৃষিজমিতে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদুল হাসান মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযানকালে কৃষিজমি থেকে মাটি কাটার সময় দুটি ট্রাক্টর জব্দ করা হয় এবং স্থানীয় বাসিন্দা মাসুদকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
মুচলেকায় মাসুদ অঙ্গীকার করেন, ভবিষ্যতে তিনি আর কখনো কৃষিজমি থেকে মাটি কাটবেন না।
জব্দকৃত দুটি ট্রাক্টর স্থানীয় ইউপি সদস্য মো. মাঈনুদ্দিনের জিম্মায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে রাখা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনার সময় ফরিদগঞ্জ থানার এএসআই ছগির আহমেদসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদুল হাসান বলেন, ‘কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং দুটি ট্রাক্টর জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কৃষিজমি রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোথাও কৃষিজমি থেকে মাটি কাটার ঘটনা ঘটলে নির্বিঘ্নে ও নির্ভয়ে আমাকে জানানোর জন্য অনুরোধ করছি।’

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।