শাহরাস্তিতে খাল থেকে বৃদ্ধার লা শ উদ্ধার
শাহরাস্তি উপজেলায় একটি খাল থেকে খুরশীদা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে শাহরাস্তি উপজেলার সূচিপাড়া ইউপির ফেরুয়া গ্রামের হাজী বাড়ি সংলগ্ন খালের পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেন। পরে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত খুরশীদা বেগম সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আয়নাতলী ফেরুয়া গ্রামের পূর্ব হাজী বাড়ির মৃত মোহাম্মদ আলীর মেয়ে। তার কোনো সন্তান নেই। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন ধরে তিনি বাবার বাড়িতে বসবাস করছিলেন। প্রায় পাঁচ বছর ধরে তিনি ভারসাম্য হারিয়ে মানসিক রোগে ভুগছিলেন এবং তিনি চিকিৎসাধীন ছিলেন। মাঝে মাঝে তিনি কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতেন।

এদিকে গত বুধবার (১৪ জানুয়ারি) রাতে খাবার খাওয়ার পর তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরদিন সকালে তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে খালে মরদেহ উদ্ধারের খবরে ঘটনাস্থলে গিয়ে স্বজনরা মরদেহটি শনাক্ত করেন।
ওসি মীর মাহবুবুর রহমান আরও জানান, মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।





