বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবে অটোরিকশা সাইড দিতে গিয়ে বাস উল্টে খালে, আহত ২০

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৯:৩৭ পিএম
মতলবে অটোরিকশা সাইড দিতে গিয়ে বাস উল্টে খালে, আহত ২০

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নাগদা এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে মতলব-গৌরীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাসস্ট্যান্ড থেকে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে ‘জৈনপুর পরিবহন’ নামের বাসটি ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়। বাসটি নাগদা এলাকায় পৌঁছালে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি উল্টে পাশের খালে পড়ে যায়।

Model Hospital

বাসের একাধিক যাত্রী জানান, হঠাৎ করেই বাসটি উল্টে খালে পড়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই সবাই পানির মধ্যে পড়ে যান। তারা আল্লাহর রহমতে প্রাণে বেঁচে গেছেন বলে মন্তব্য করেন।

স্থানীয় বাসিন্দা শাহাদাত হোসেন বলেন, ‘বাড়িতে কাজ করছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে দৌড়ে এসে দেখি বাস খালে পড়ে আছে। এরপর স্থানীয়দের নিয়ে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।’

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রতন কুমার দাস জানান, দুর্ঘটনায় আহত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চাঁদপুর সদর হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মেহেদী হাসান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বাসটি উদ্ধারের কাজ চলছে।

এ বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম ইশমাম বলেন, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর বাসচালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital