না ভোটের পক্ষে ভোট চাইলেন সৈয়দ বাহাদুর শাহ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশের মতো চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনেও শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা । ইতিমধ্যেই ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজেদের রাজনৈতিক অবস্থান ও লক্ষ্য তুলে ধরছেন বিভিন্ন দলের প্রার্থীরা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে হাজীগঞ্জ পৌরসভার ধেররা এলাকায় অবস্থিত ইমামের রাব্বানী দরবার শরীফে আবেদ শাহের মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন গণভোটে না ভোটের আহ্বানকারী সৈয়দ বাহাদুর শাহ। মাজার জিয়ারত শেষে তিনি হাজীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি।

এসময় তিনি বলেন-আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির দল। একাত্তরের সংবিধানই আমাদের মূল ভিত্তি। জুলাই গণঅভ্যুত্থানের পর সংবিধান সংস্কারের নামে যেসব পরিবর্তনের কথা বলা হচ্ছে, তা নিয়ে দেশবাসীর মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। এসব অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদের একমাত্র ভাষা হচ্ছে গণভোটে ‘না’ ভোট।”

এদিকে একই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক হাজীগঞ্জ পৌরসভার একাধিক ওয়ার্ড এবং ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেন।

পথসভায় তিনি বলেন-দেশ আজ গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে নিমজ্জিত। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, গণতন্ত্র ধ্বংস করা হয়েছে। এই সংকট থেকে উত্তরণে ধানের শীষের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন-ধানের শীষে ভোট মানেই জনগণের সরকার গণতন্ত্রের সরকার। জনগণের শক্তিতেই আমরা রাষ্ট্রকে নতুন করে গড়ে তুলব।
অন্যদিকে ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আলী হাজীগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে পৃথক সংবাদ সম্মেলনে ভোটারদেরকে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন-ইসলামি শাসনব্যবস্থা ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা গেলে সমাজে ন্যায়বিচার ও শান্তি ফিরবে। ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার জন্য আমি জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।
এছাড়াও জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মির্জা গিয়াস উদ্দিন হাজীগঞ্জ বাজারে নির্বাচনী গণসংযোগ করেন।
নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই একাধিক রাজনৈতিক দলের সরব উপস্থিতিতে হাজীগঞ্জ-শাহরাস্তি আসনে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে।





