বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বারবার দল বদলে জাকির হোসেন প্রধানিয়া আবার নির্বাচনী মাঠে

রাফিউ হাসান হামজা প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৮:২১ পিএম
বারবার দল বদলে জাকির হোসেন প্রধানিয়া আবার নির্বাচনী মাঠে

জাকির হোসেন প্রধানিয়া

চাঁদপুর–৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনের আলোচিত মুখ অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিচিত জাকির হোসেন প্রধানিয়া আবারও আলোচনার কেন্দ্র। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে চাঁদপুর ৫ আসনে প্রথমে মনোনয়ন বাতিল হলেও আপিলে বৈধতা পেয়ে ফুটবল প্রতীকে নির্বাচনে লড়াইয়ের অনুমতি দিয়েছেন নির্বাচন কমিশন। কিন্তু তার দীর্ঘ রাজনৈতিক যাত্রায় দল বদল ও পরিচয় পরিবর্তনের ঘন ঘন ঘটনা নিয়ে ভোটারদের মনে তীব্র প্রশ্ন তৈরি হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বিগত সময়ে জাকির প্রধানিয়া জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ সমর্থিত একটি প্ল্যাটফর্ম থেকে মনোনয়ন সংগ্রহ করলেও শেষ মুহূর্তে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরম জমা দেন। এই দ্বৈত অবস্থান প্রথমে তার মনোনয়ন সে সময়ে বাতিলের কারণ হয়। পরে আপিলে তিনি বৈধতা ফিরে পান।
এর আগেও তার রাজনৈতিক পরিচয় ছিল অস্থির। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু দ্বৈত ভোটারের অভিযোগে তার মনোনয়ন বাতিল হয়। সে সময় আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পান সাবেক সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম উত্তম। ঠিক ওই সময় থেকেই জাকির প্রধানিয়ার রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হয়।
জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর তিনি দাবি করেন, তিনি আওয়ামী লীগের সব পদ থেকে সরে গেছেন। কিন্তু সাংবাদিকরা পদত্যাগের প্রমাণ চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। ফলে তার ‘পদত্যাগ’ নিয়ে আরও সন্দেহ জন্মায়।
এরপর ঢাকায় জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করান তার নতুন দল বাংলাদেশ ইউনাইটেড পার্টি (বিইউপি)। তিনি নিজেই দলের চেয়ারম্যান। অনুষ্ঠানে উপস্থিতির সংখ্যাও ছিল হতাশাজনক, ৬০-৭০ জনের মতো—যার প্রায় অর্ধেকই সংবাদকর্মী। কম উপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, দেশের ২০ জেলায় তাদের কমিটি আছে।
রাজনৈতিক অবস্থান পাল্টানোর এই ধারাবাহিকতা স্থানীয় ভোটারদের মনে সংশয় বাড়িয়েছে। কখনো তিনি অস্ট্রেলিয়া আওয়ামী লীগের নেতা, কখনো জাপার একটি অংশের মনোনয়ন প্রত্যাশী, আবার কখনো নিজস্ব নতুন রাজনৈতিক দলের চেয়ারম্যান। আর এবার তিনি স্বতন্ত্র প্রার্থী।
স্থানীয় একটি মহল বলছে, “একবার নৌকার দিকে, পরক্ষণে লাঙ্গলের দিকে, আবার নিজের দল—এই ঘন ঘন পরিচয় বদলে ভোটাররা বিভ্রান্ত।” অনেকে প্রশ্ন তুলছেন, তার প্রকৃত রাজনৈতিক অবস্থান কী, কার আদর্শে তিনি নির্বাচনে লড়ছেন?
ব্যবসায়ী হিসেবে তার পরিচিতি বিস্তৃত হলেও রাজনৈতিক পরিচয়ে স্পষ্টতা নেই—এই সমালোচনা এখন এলাকাজুড়ে আলোচনার বিষয়।
মনোনয়ন বাতিল, পরে বৈধতা, আবার দল-বদলের ইতিহাস—সব মিলিয়ে জাকির হোসেন প্রধানিয়ার ভোটের মাঠে টিকে থাকা যেমন কঠিন, তেমনি তাকে ঘিরে বিতর্কও থামছে না। চাঁদপুর–৫ আসনের নির্বাচনী সমীকরণে তার নাম এখন সবচেয়ে বেশি আলোচিত একটি রহস্য।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।