বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে চাঁদার টাকা না পেয়ে বৃদ্ধ দোকানদারকে ছুরিকাঘাত, অভিযুক্ত আটক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১১:১০ পিএম
ফরিদগঞ্জে চাঁদার টাকা না পেয়ে বৃদ্ধ দোকানদারকে ছুরিকাঘাত, অভিযুক্ত আটক
চাঁদপুরের ফরিদগঞ্জে চাঁদার টাকা না পেয়ে এক বৃদ্ধ চায়ের দোকানদারকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত অবস্থায় ওই দোকানদারকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক আড়াইটার দিকে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমুঘুয়া গ্রামে ফজল বেপারি বাড়ির সামনে বায়তুল আমান জামে মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম আব্দুল মোতালেব গাজী (৬৬)। তিনি মৃত চাঁন মিয়া গাজীর ছেলে এবং স্থানীয়ভাবে একজন চায়ের দোকানদার হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, একই এলাকার ফজল বেপারি বাড়ির আলম বেপারির ছেলে মেহেদী হাসান (২৫) দীর্ঘ কয়েকদিন ধরে আব্দুল মোতালেবের কাছে চাঁদা দাবি করে আসছিল। মঙ্গলবার দুপুরে চায়ের দোকানে এসে ফের চাঁদার টাকা দাবি করে সে। টাকা দিতে অস্বীকৃতি জানালে হঠাৎ করে ছুরি দিয়ে আব্দুল মোতালেবের পিঠে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আহত আব্দুল মোতালেবের ছোট ভাই হুমায়ূন কবির বলেন, “আমার বড় ভাই দীর্ঘদিন ধরে এখানে চায়ের দোকান চালিয়ে আসছেন। মেহেদী কিছুদিন ধরে তার কাছে চাঁদা দাবি করছিল। আজ দোকানে এসে কোনো কথা না শুনেই ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।”
ঘটনার পর স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আব্দুল মোতালেবকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে তাকে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
অন্যদিকে ঘটনার পরপরই এলাকাবাসী ধাওয়া করে অভিযুক্ত মেহেদী হাসানকে গৃদকালিন্দিয়া বাজার এলাকা থেকে আটক করে। পরে খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় আহতের ছোট ভাই হুমায়ূন কবির বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
ফরিদগঞ্জ থানার তদন্ত ওসি এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে এসেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।