বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে নবম পে–স্কেলের দাবিতে মানববন্ধন 

এস. এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১২:১৭ এম
ফরিদগঞ্জে নবম পে–স্কেলের দাবিতে মানববন্ধন 
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে ন্যায্য বেতন কাঠামোর দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জে নবম পে–স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা মানববন্ধন ও আলোচনা সভা করেছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে সরকারি, আধা-সরকারি ও বিভিন্ন করপোরেশনের কর্মকর্তা- কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড বহন করেন এবং নবম পে–স্কেল অবিলম্বে বাস্তবায়ন, ১:৪ অনুপাতে ১২ গ্রেডভিত্তিক বেতন কাঠামো নির্ধারণ, সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ এবং এ সংক্রান্ত গেজেট দ্রুত প্রকাশের দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা বেতন ও সুযোগ-সুবিধার ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়ে আসছেন। বর্তমান বেতন কাঠামো দিয়ে বাড়তি বাজারদর, বাসাভাড়া, চিকিৎসা ও শিক্ষা ব্যয় মেটানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে সীমিত আয়ের কর্মচারীরা পরিবার নিয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।
বক্তারা আরও বলেন, কর্মচারীদের ন্যায্য দাবি উপেক্ষা করা হলে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। দাবি দ্রুত বাস্তবায়নে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আইসিটি ট্রেনিং সেন্টারের মোঃ পাবেল মিয়া, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সংকর দেবনাথ, মাধ্যমিক শিক্ষা অফিসের বিল্লাল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা হুমায়ন কবির, এলজিইডির কর্মচারী আবু তাহের, জহিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী ফারুক হোসেন, উপজেলা কৃষি অফিসের কর্মচারী মহিউদ্দিন, কামাল হোসেন , সমাজসেবা অফিসের গোলাম মোস্তফা, যুব উন্নয়ন অফিসের ফারজানা আক্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।