বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ‘হ্যাঁ–না’ ভোট নিয়ে ছুরিকাঘাতে যুবক আহত

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৬:০৯ পিএম
ফরিদগঞ্জে ‘হ্যাঁ–না’ ভোট নিয়ে ছুরিকাঘাতে যুবক আহত

গুরুত্বর আহত ইকবাল হোসেন সাকিব।

চাঁদপুরের ফরিদগঞ্জে ‘হ্যাঁ–না’ ভোট নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সাকিব (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চরমথুরা এলাকার মোল্লা বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সাকিব ইউসুফ বাবুল মাস্টারের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, একই বাড়ির অটোরিকশাচালক তারেকের অটোরিকশা ভাড়া করে সাকিব দাওয়াতে যান। দাওয়াত শেষে ফেরার পথে চলমান জাতীয় নির্বাচনকে ঘিরে ‘হ্যাঁ–না’ ভোট নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাকিব তারেককে চড় মারেন। এ ঘটনার জের ধরে বিকেলে সাকিবের সঙ্গে তারেক ও তার ভাই ইসমাইলের বাকবিতণ্ডা হয়। পরে রাতের দিকে কাউসার মোল্লার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় সাকিবকে একা পেয়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে অবস্থার অবনতি হলে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
অভিযুক্ত তারেক ও ইসমাইল পেশায় অটোরিকশাচালক। তারা একই এলাকার আহছান মোল্লার ছেলে বলে জানা গেছে।
এদিকে শনিবার (৩১ জানুয়ারি) সকালে ফরিদগঞ্জে এক নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামী মনোনীত এক প্রার্থী দাবি করেন, আহত সাকিব তাদের দলের কর্মী এবং রাজনৈতিক কারণে তার ওপর হামলা হয়েছে। তবে সাকিবের পরিবার এ দাবি নাকচ করেছে।
সাকিবের মা শাহানারা বেগম বলেন, ‘হ্যাঁ–না ভোট নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে আমার ছেলে তারেককে চড় দেয়। পরে বিষয়টি মীমাংসার চেষ্টা হয়। কিন্তু রাতে আমার ছেলের ওপর হামলা চালানো হয়। তার গলায় দুটি ও পেটে একটি ছুরিকাঘাত করা হয়েছে। সে এখন অপারেশন থিয়েটারে আছে।’
তিনি আরও বলেন, তার ছেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়। পরিবার জানায়, সাকিব ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তরা পলাতক রয়েছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

চাঁদপুরে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৭ এম
চাঁদপুরে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ
চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ডের বাহের খলিশাডুলীতে নার্সারির ফলজসহ বিভিন্ন প্রজাতির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
২৪ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ দিলে এ ঘটনা নজরে আসে।
ভুক্তভোগী নার্সারির মালিক আল আমিন সুমন জানান, আমার এখানে লাখ লাখ টাকামূল্যের ফলজসহ নানা গাছের চারা রয়েছে। দুষ্কৃতিরা সব বিষ দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আমি এখন চরম হতাশায় রয়েছি। নার্সারিটি মূলত আমার পিতা নাছির মোল্লা পরিচালনা করতেন।
তিনি আরও জানান, আমাদের এই নার্সারিটি লীজের জমিতে করা। লীজ নিয়ে ঝামেলা চলছিলো জমির মালিক পক্ষের সাথে। তারাই পরিকল্পিতভাবে আমাদের সাথে না পেরে গাছের সাথে এমন অমানবিক শত্রুতা দেখালো। আমি এর সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ প্রত্যাশা করছি।
স্থানীয়রা জানান, জমির লীজ সংক্রান্ত সমস্যা ছিলো নার্সারি ও জমির মালিকের মধ্যে। এটার কারনে এমন ঘটনা হতে পারে। তবে গাছের সাথে শত্রুতা কোন ভালো মানুষের কাজ হতে পারে না। আমরা এর সুষ্ঠু বিচার দেখতে চাই।
অভিযোগ প্রসঙ্গে নার্সারির জমির মালিক পক্ষের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এস আই মোস্তফা বলেন, আমরা থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিবো।