বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতিঝিলে হেরোইনসহ চাঁদপুরের সাবেক জেলা পরিষদ সদস্যের পুত্র গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৮ পিএম
মতিঝিলে হেরোইনসহ চাঁদপুরের সাবেক জেলা পরিষদ সদস্যের পুত্র গ্রেফতার
রাজধানীর মতিঝিলে নিয়মিত চিরুনি অভিযানে ২৫ গ্রামের বেশি হেরোইনসহ সাবেক জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতার পুত্র মাহমুদুল হাসান তন্ময়কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে মতিঝিল থানা এলাকার একটি নির্দিষ্ট স্থান থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার হওয়া তন্ময় চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার টামটা গ্রামের বাসিন্দা। তিনি জেলা পরিষদের সাবেক সদস্য ও শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক  জাকির হোসেন পাটোয়ারীর ছেলে।
ঘটনার পর ডিএমপি’র মতিঝিল থানায় এফআইআর নং–২, তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৬ এবং জিআর নং–১৭, তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৬–এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণি ৮(গ) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
তদন্ত কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। তাদের ধারণা, এত পরিমাণ হেরোইন বহন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তন্ময় রাজধানীতে সক্রিয় কোনো বড় মাদক নেটওয়ার্কের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তদন্ত সংশ্লিষ্টদের মতে, এ ধরনের বিপুল পরিমাণ মাদক পরিবহনের পেছনে একটি শক্তিশালী চক্র কাজ করে থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ গ্রেফতারকে মাদকবিরোধী অভিযানের একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখছে। তাদের বিশ্বাস, তন্ময়কে আটকের মাধ্যমে রাজধানীর মাদক সরবরাহ চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। তাকে ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে, তন্ময়ের পরিবার অভিযোগ করেছে, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, প্রকৃত ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।