রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

প্রচারের মাঝেই সৌহার্দ্যের বার্তা, কবর জিয়ারতে মুখোমুখি দুই শিবির

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৬ পিএম
প্রচারের মাঝেই সৌহার্দ্যের বার্তা, কবর জিয়ারতে মুখোমুখি দুই শিবির

ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদের বাবা–মায়ের কবর জিয়ারত করছেন স্বতন্ত্র প্রার্থী এম. এ. হান্নান।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও চিংড়ি প্রতীকের প্রার্থী আলহাজ্ব এম. এ. হান্নান রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক সম্মানের বার্তা দিতে ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদের বাবা–মায়ের কবর জিয়ারত করেছেন। ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের মান্দারখিল পাটওয়ারী বাড়ি এলাকায় অবস্থিত কবরস্থানে গিয়ে তিনি সমর্থকদের নিয়ে মরহুমদের কবর জিয়ারত করেন। এ সময় তাঁদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। উপস্থিত সবার উদ্দেশে তিনি পারস্পরিক সম্মান, সহনশীলতা ও সুস্থ রাজনৈতিক সংস্কৃতির ওপর গুরুত্বারোপ করেন।
কবর জিয়ারতকালে বিএনপি নেতা সফিউল বাশার মুকুল, সাবেক মেয়র মঞ্জিল হোসেন, আমানত গাজী, এম. এ. হান্নানের পুত্র আব্দুল ইবনে হান্নান, সাবেক উপজেলা যুবদলের আহ্বায়ক আমজাদ হোসেন সিপন, সদস্যসচিব জাহাঙ্গীর আলম নান্টু, সাবেক কাউন্সিলর জাকির হোসেন গাজী, স্থানীয় বিএনপি নেতা মাসুদ খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, ভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে এমন সৌহার্দ্যপূর্ণ উদ্যোগ নির্বাচনী পরিবেশে ইতিবাচক বার্তা দিয়েছে। অনেকেই এটিকে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির উদাহরণ হিসেবে দেখছেন।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ আসনে প্রার্থীরা প্রচার-প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে এ ধরনের সৌজন্যমূলক উদ্যোগ স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
কবর জিয়ারত শেষে ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদের ছেলে সাদমান সাকিব অপূর্ব স্বতন্ত্র প্রার্থী এম. এ. হান্নানকে চায়ের আমন্ত্রণ জানান। এ সময় এম. এ. হান্নান তাঁর কাছে চিংড়ি প্রতীকের পক্ষে ভোটও প্রার্থনা করেন।

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০০ এম
হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জে ‘ভাটরার জাউরা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো.শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত শুকুর আলম ওই বাড়ির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারেককে মারধর করা হলে তার চিৎকার শুনে শুকুর আলম এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয় এবং গাছের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, ভাটরা গ্রামের মেহেদী, জিসান মোল্লা, শাহিন ও শাওন এবং সৈয়দপুর গ্রামের ইউসুফ, সাব্বির, আহসান ও সিয়ামসহ কয়েকজন এ হামলায় জড়িত।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি-‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। এর আগেও তাদের হামলায় ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এর আগে গ্রুপটির কয়েকজন সদস্য ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।