রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

কচুয়ার ৩নং বিতারায় উঠান বৈঠকে

ক্ষমতায় গেলে নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে : দাঁড়িপাল্লার প্রার্থী আবু নছর আশরাফী

মেহেদী হাসান সাকিব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৭ পিএম
ক্ষমতায় গেলে নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে : দাঁড়িপাল্লার প্রার্থী আবু নছর আশরাফী

কচুয়ার ৩নং বিতারা ইউনিয়নে গণসংযোগ করছেন চাঁদপুর-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী।

বাংলাদেশ জামায়াত ইসলামি মনোনীত চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী বলেছেন, “আমার নিজের দলের কর্মীরা আমার কাছে যতটুকু নিরাপদ, অন্য দলের মানুষও ঠিক ততটুকু নিরাপদ থাকবে।”

তিনি বলেন, রাজনীতি হবে মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য, প্রতিহিংসা বা বৈষম্যের জন্য নয়।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ৯টায় কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উঠান বৈঠকে তিনি আরও বলেন, “কচুয়াকে আর মাদকের অভয়ারণ্য হতে দেওয়া যাবে না। সন্ত্রাস ও মাদকের হাত থেকে এই জনপদকে রক্ষা করতে হবে। সমাজ থেকে অপরাধ নির্মূল করতে হলে নৈতিকতা ও ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠা জরুরি।”

Model Hospital

মুহাদ্দিস আবু নছর আশরাফী বলেন, ক্ষমতায় গেলে সাধারণ মানুষের অধিকার ও সম্মান নিশ্চিত করা হবে। যুব সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে এবং ছাত্র-ছাত্রীদের সঠিক শিক্ষা ও দিকনির্দেশনার মাধ্যমে একটি যোগ্য প্রজন্ম গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের কল্যাণেই কাজ করতে চাই। কচুয়াকে একটি শান্তিপূর্ণ, মাদকমুক্ত ও মানবিক জনপদ হিসেবে গড়ে তুলাই আমাদের লক্ষ্য।”

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি ৩নং বিতারা ইউনিয়ন এর আমির মাওলানা নাসির উদ্দীন মোল্লা, চেয়ারম্যান পদপ্রার্থী মুফতি মাসুম বিল্লাহ মাদানি, ৪নং ওয়ার্ড সভাপতি ডা. মেহেদী হাসান সহ জোটের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০০ এম
হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জে ‘ভাটরার জাউরা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো.শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত শুকুর আলম ওই বাড়ির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারেককে মারধর করা হলে তার চিৎকার শুনে শুকুর আলম এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয় এবং গাছের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, ভাটরা গ্রামের মেহেদী, জিসান মোল্লা, শাহিন ও শাওন এবং সৈয়দপুর গ্রামের ইউসুফ, সাব্বির, আহসান ও সিয়ামসহ কয়েকজন এ হামলায় জড়িত।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি-‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। এর আগেও তাদের হামলায় ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এর আগে গ্রুপটির কয়েকজন সদস্য ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।