রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে জামায়াত প্রার্থীর মাও. বিল্লাল হোসেন মিয়াজীর ইশতেহার ঘোষণা

এস. এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৩ এম
ফরিদগঞ্জে জামায়াত প্রার্থীর মাও. বিল্লাল হোসেন মিয়াজীর ইশতেহার ঘোষণা

বৃহষ্পতিবার সন্ধ্যার পর চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় ঐক্যবদ্ধ জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় ঐক্যবদ্ধ জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
বৃহষ্পতিবার (৫ ফেব্রুয়ারি ) সন্ধ্যার পর জামায়াত ইসলামীর নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে আধুনিক ও দুর্নীতিমুক্ত ফরিদগঞ্জ গড়তে ১৪ দফা ঘোষণা দেন।
তিনি বলেন, জাতীয় সংষদ নির্বাচনকে সামনে রেখে আমি ফরিদগঞ্জ উপজেলার প্রতিটি প্রান্তরে গিয়েছি। মানুষের সাথে কথা বলেছি। তাদের সুখ দু:খের কথা জেনেছি। কোথায় কী কী সমস্যা রয়েছে তা আমার নজনে এসেছে। সবিকিছুর ভিত্তিতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদে নির্বাচনে ফরিদগঞ্জের জনগণ আমাকে নির্বাচিত করলে আমি ১৪ দফার মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, ন্যায়, ইনসাফ ও সাম্যের ভিত্তিতে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও দুর্নীতিমুক্ত ফরিদগঞ্জ উপজেলা গড়ে তোলার লক্ষ্যে ঘোষিত ইশতেহারে শিক্ষা, স্বাস্থ্য, কৃষ্টি, অবকাঠামো কর্মসংস্থান, নারী উন্নয়ন, ধর্মীয় সম্প্রীতি, আইনশৃঙ্খলা ও ডিজিটাল সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
ইশতেহার অনুযায়ী, উপজেলায় একটি মহিলা কলেজ, পলিটেকনিক কলেজ ও নার্সিং কলেজ স্থাপন করা হবে। সব শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট লাইব্রেরি ও ই-লাইব্রেরি চালুর পাশাপাশি প্রযুক্তিনির্ভর ও নৈতিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি কথা রয়েছে। স্বাস্থ্যসেবা খাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০ শয্যায় উন্নিত করা, পর্যায়ক্রমে ডাক্তার ও ঔষুধ নিশ্চিত করা, মেটারনিটি ক্লিনিক, কমিউনিটি ক্লিনিক, ব্লাড ব্যাংক ও অ্যাম্বুলেন্স সেবা চালুর করার কথা রয়েছে। কৃষি ও মৎস্য খাতে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ, সুদমুক্ত ঋণ, আধুনিক ফিশারিজ, কোল্ড স্টোরেজ স্থাপন এবং ডাকাতিয়া নদী ও চর এলাকায় সুষ্ঠু ব্যবস্থাপনার পরিকল্পনার কথা বলা হয়েছে।
এছাড়া সড়ক ও অবকাঠামো উন্নয়নে পার্শ্ববর্তী পাঁচ উপজেলার সঙ্গে দুই লেন সড়ক সংযোগ, ইউনিয়ন পর্যায়ে টেকসই রাস্তা নির্মাণ এবং ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে ইশতেহারে বলা হয়েছে। তারুণ্য ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনিয়োগ বৃদ্ধি, প্রবাসী প্রশিক্ষণ কেন্দ্র, যুবকদের বিনামূল্যে আইটি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এবং সুবিধাবঞ্চিতদের জন্য সুদমুক্ত ঋণে আত্মকর্মসংস্থানের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে।
ধর্মীয় সম্প্রীতি রক্ষা, মাদক ও দুর্নীতি দমন, জবাবদিহিমূলক প্রশাসন, ই-গভর্নমেন্ট, আইটি পার্ক স্থাপন, নারী উন্নয়ন, পরিবেশ রক্ষা ও আইনশৃঙ্খলা জোরদারে বিশেষ কর্মসূচি গ্রহণ করার আশ^াস দেয়া হয় ইশাতেহারে।
লিখিত ইশতেহার ঘোষণার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জামায়াত ইসলামীর এই প্রার্থী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সেচ প্রকল্প বেষ্টিত ফরিদগঞ্জ উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা নেই বললেই চলে।
 অপরিকল্পিত বাড়ি ঘর তোলার কারণে এবং পানিবাহিত খাল গুলো ভরাট হওয়ার কারণে টানা বৃষ্টির কারণে ২৪ এর ভয়াবহ জলাবদ্ধতার কথা কেউ ভুলবো না। আমি নির্বাচিত হলে অবশ্যই এসব সমস্যা সমাধানে বিশেষ দৃষ্টি দেয়া হবে।
ইশাতেহার ঘোষণার পূর্বে আদর্শ শিক্ষক পরিষদ চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী মো. হারুন অর রশীদ প্রজেক্টরের মাধ্যমে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় ইশতেহার ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় ঐক্যবদ্ধ জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজীর রাজনৈতিক ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদসহ সকল পর্যায়ের গণমাধ্যমকর্মী ও প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জামায়াত নেতাদের মধ্যে উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাও. ইউনুছ হেলাল, সেক্রেটারী সাখাওয়াত হোসেন, পৌর জামায়াত আমীর মাও. মিজানুর রহমানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০০ এম
হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জে ‘ভাটরার জাউরা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো.শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত শুকুর আলম ওই বাড়ির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারেককে মারধর করা হলে তার চিৎকার শুনে শুকুর আলম এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয় এবং গাছের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, ভাটরা গ্রামের মেহেদী, জিসান মোল্লা, শাহিন ও শাওন এবং সৈয়দপুর গ্রামের ইউসুফ, সাব্বির, আহসান ও সিয়ামসহ কয়েকজন এ হামলায় জড়িত।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি-‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। এর আগেও তাদের হামলায় ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এর আগে গ্রুপটির কয়েকজন সদস্য ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।