রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে হাতপাখা প্রতীকের প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীনের নির্বাচনী জনসভা 

১০ টাকা কেজিতে চাল খাওয়াবে বলে ৭০ টাকা করে খেতে হয়েছে : হাতপাখার প্রার্থী জয়নাল আবেদীন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৩ পিএম
১০ টাকা কেজিতে চাল খাওয়াবে বলে ৭০ টাকা করে খেতে হয়েছে : হাতপাখার প্রার্থী জয়নাল আবেদীন
৫৪ বছরে এই বাংলাদেশের জনগণসহ আমরা আমাদের মূল্যবান ভোট দিয়ে অনেক সরকারকে সংসদে পাঠিয়েছি। এতদিন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল তারা দেশের উন্নয়ন করবে, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করবে, মানুষের ভাগ্যের পরিবর্তন করবে, শিক্ষাব্যবস্থা এবং চিকিৎসার পরিবর্তন হবে, এদেশের মানুষ অন্তত দুই বেলা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবে। কিন্তু আমরা কি দেখলাম, যাদেরকে আমরা সংসদে পাঠিয়েছি তাদের ভাগ্যের পরিবর্তন। দেশের মানুষ অথবা দেশের পরিবর্তন আমরা দেখি নাই। যারা মন্ত্রী হয়েছিল এমপি হয়েছিল তাদের সন্তানরা বিদেশে লেখাপড়া করেছে। আমরা দেখেছি তাদের বেগমদের জন্য বিদেশে বেগম পাড়া তৈরি করেছেন। আমরা দেখেছি আমাদের ট্যাক্স ভ্যাটের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে।
৯ ফেব্রুয়ারি সোমবার বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসমাবেশে “এসো জনপ্রত্যাশার বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর ৩ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, এখনো দেখছি ভোটের জন্য অনেক নেতারা বড় বড় অফার আমাদের সামনে তুলে ধরছে। এরকম অফার আমরা বিগত দিনেও দেখেছি, ১০ টাকা কেজিতে চাল খাওয়াবে বলে ৭০ টাকা করে খেতে হয়েছে। তাই বলছি অফার গ্রহণ করার আগে কিন্তু আমাদের শর্ত বুঝে নিতে হবে। আমাদের কাছে কালো টাকা নেই, আমাদের কাছে পেশী শক্তি নেই, আমাদের কাছে দুর্নীতির চাঁদাবাজির টাকা নেই, আমরা মানুষকে টাকা দিয়ে ভোট কিনতে পারবো না, আমরা মানুষের অন্তর জয় করে দেশকে জয় করতে চাই। আপনাদের দোয়ার বরকতে মানুষের দ্বারে দ্বারে যাওয়ার সৌভাগ্য হয়েছে মানুষ আর বিগত দিনের রাজনীতি দেখতে চায় না। মানুষ এখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়। আমরা মানুষ, আমরা মানবতার কান্ডারী, আমরা মানুষের সেবা করতে চাই। কোন এমপি মন্ত্রী হওয়া আমাদের মুখ্য উদ্দেশ্য নয়। যেহেতু এটা একটি বিশাল সেবার জায়গা তাই চাঁদপুর ৩ আসনে আল্লাহ যদি আমাকে কবুল করে তাহলে আপনাদের সেবা করতে চাই।
ইনশাআল্লাহ আল্লাহতালা যদি আমাদেরকে কবুল করে আমরা ওলামাদের সহ মসজিদের ইমামদের সাথে নিয়ে আমরা মানুষের সেবার কাজে নিয়োজিত হবো। আসছে ভোট, এই ভোট পবিত্র আমানত, ভোট হলো সাক্ষী, ভোট হলো সমর্থন করা, আপনার এই পবিত্র আমানত নিয়ে কোন ব্যক্তি যদি সংসদ সদস্য হয়, প্রতিনিধি হয়ে সে সেখানে গিয়ে যদি জনগণের হক নষ্ট করে, রাষ্ট্রের সম্পদ চুরি করে, আপনাদের মাথাপিছু বরাদ্দ যদি চুরি করে তখন সে কিন্তু একাই অপরাধী নয় বরং যারা ভোট দিয়েছে তারাও সমান অপরাধী। সময় হয়েছে আপনাদের বিবেককে জাগ্রত করার আপনারা যদি প্রত্যেক প্রাপ্তির সাথে কম্পেয়ার করে যদি ভাল মনে করেন, তাহলে এ দেশের সকলের মার্কা এবার হাতপাখা।
বাংলাদেশ ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতি জয়নাল আবেদিনের সভাপতিত্বে ও জেলা
ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারী ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী কেএম ইয়াসিন রাসেদসানীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, সাবেক সভাপতি মাওলানা নুরুল আমিন, ইসলামী আন্দোলনের জেলা সহ-সভাপতি মাওলানা জামীল আহমেদ জাকির, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডাঃ বিল্লাল হোসেন, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা আবুল বাশার, জেলা যুব আন্দোলনের সভাপতি মুফতি ইমরান হোসাইন, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি ডিএম ফয়সাল প্রমূখ।
সমাবেশ কে কেন্দ্র করে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশ স্থলে জড়ো হয়।
সমাবেশ শেষে হাতপাখার সমর্থনে শহরের একটি বিশাল গণ মিছিল বের হয়। মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিশন রোড, মুক্তিযোদ্ধা সড়ক হয়ে শপথ চত্বরে এসে শেষ হয়।
সমাবেশ শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী হারুনুর রশিদ।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।