রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে ভোট পুনঃগণনার দাবি ও কারচুপির অভিযোগ ধানের শীষ প্রার্থী হারুনুর রশিদের

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২১ পিএম
ফরিদগঞ্জে ভোট পুনঃগণনার দাবি ও কারচুপির অভিযোগ ধানের শীষ প্রার্থী হারুনুর রশিদের

ফরিদগঞ্জে ধানের শীষ প্রতীকের প্রার্থী পরাজিত হয়ে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পূর্ণ ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ। তিনি অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কারচুপি ও জাল ভোটের মাধ্যমে নির্বাচনের ফলাফল প্রভাবিত করা হয়েছে। এ বিষয়ে তিনি লিখিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলেও জানান।
শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নে নিজ বাসভবনের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। বক্তব্যে বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ফরিদগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ হবে বলে তিনি আশা করেছিলেন। ভোটগ্রহণ শুরুর পর নিজের কেন্দ্র কাউনিয়া শহীদ হাবিব উল্লাহ ভোটকেন্দ্রে পরিবারের সদস্যদের নিয়ে ভোট প্রদান করে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন এবং প্রথমদিকে নারী-পুরুষ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করেন।
তবে দুপুরের পর শোল্লা, ঘড়িয়ানা ও মুন্সীরহাটসহ কয়েকটি কেন্দ্র পরিদর্শনকালে তিনি অভিযোগ পান যে ধানের শীষের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এছাড়া বড়গাঁও উচ্চ বিদ্যালয়, গাজীপুর আহমদিয়া ফাজিল মাদরাসা, পশ্চিম ভাওয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাইকপাড়া বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, শোশাইরচর প্রাথমিক বিদ্যালয়, সাচনমেঘ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব আলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চররামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্র থেকে তার নেতাকর্মীরা প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা না থাকার অভিযোগ জানান। তার দাবি, স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা কেন্দ্র দখল করে বিপুল পরিমাণ জাল ভোট দিয়েছে এবং ধানের শীষের এজেন্টদের হুমকি ও মারধর করে বের করে দিয়েছে।
তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, একটি উচ্চক্ষমতাসম্পন্ন নিরপেক্ষ তদন্ত দল গঠন করে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করা হোক। তার ভাষ্য, অধিকাংশ কেন্দ্রে ধানের শীষের প্রার্থীর এগিয়ে থাকা সত্ত্বেও কয়েকটি কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর অস্বাভাবিক ভোট ব্যবধান কারচুপি ছাড়া সম্ভব নয়।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থীকে বিজয়ী ঘোষণার পর থেকে গত দুই দিনে ফরিদগঞ্জের বিভিন্ন এলাকায় তার দলের নেতাকর্মীদের ওপর হামলা, মারধর ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এক কর্মীর তিনটি দাঁত ভেঙে দেওয়া হয়েছে এবং আরেক কর্মীকে না পেয়ে তার শিশুসন্তানের ওপর হামলার অভিযোগও তোলেন তিনি।
ফরিদগঞ্জের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে লায়ন মো. হারুনুর রশিদ বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করে অবৈধ শক্তির প্রয়োগের মাধ্যমে জনগণের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে। তিনি পুনর্গণনার মাধ্যমে প্রকৃত ফলাফল প্রকাশের দাবি জানান।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।