রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

নির্বাচিত হয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম এ হান্নান

এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৬ পিএম
নির্বাচিত হয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম এ হান্নান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণ করছেন ফরিদগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এম এ হান্নান।

চাঁদপুর–৪ (ফরিদগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এম এ হান্নান রাজধানীর জিয়া উদ্যান-এ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার শেরে-বাংলা নগরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এ কর্মসূচি পালন করেন। জিয়ারত শেষে শহীদ রাষ্ট্রপতি ও সাবেক প্রধানমন্ত্রীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এমপি এম এ হান্নান। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়াকে ঘিরে দীর্ঘদিন নানা রাজনৈতিক বিতর্ক তৈরি করা হলেও সাধারণ মানুষের বিশ্বাসে কোনো ভাঙন ধরেনি। জনগণ কখনোই বিশ্বাস করেনি যে তিনি এতিমের টাকা আত্মসাৎ করতে পারেন।
তিনি বলেন, “আল্লাহ যাকে সম্মান দেন, পৃথিবীর কোনো শক্তি তার সম্মান কেড়ে নিতে পারে না। ক্ষমতার প্রভাবে তাকে দমন করার চেষ্টা হলেও দেশবাসীর ভালোবাসা ছিল অটুট।”
এম এ হান্নান দাবি করেন, খালেদা জিয়ার বিরুদ্ধে দেওয়া সাজা ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর ভাষ্য, জীবনের শেষ সময় পর্যন্ত গণতন্ত্র রক্ষা ও অন্যায়ের সঙ্গে আপস না করার যে দৃঢ়তা তিনি দেখিয়েছেন, তা তাঁকে মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে দিয়েছে।
জিয়ারত কর্মসূচিতে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঞ্জিল হোসেন পাটওয়ারী, ডাক্তার আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাবেক আহবায়ক আমানত গাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু জাফর খসরু মোল্লা, ফারুক খান, রফিকুল ইসলাম কাঞ্চন, নজরুল ইসলাম পাটওয়ারী, আলমগীর হোসেন পাটওয়ারী, আব্দুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধকন সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, জেলা যুবদলের সদস্য জহিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মেহদী হাছান মঞ্জুসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।