চাঁদপুরে রমজানে হোটেল–রেস্তোরাঁ খোলা রাখলে ১ হাজার টাকা জরিমানা
পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও রোজাদারদের প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে হোটেল, রেস্তোরাঁ ও চায়ের দোকান দিনের বেলায় বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সুজাতপুর বাজার বণিক সমিতি।

বণিক সমিতির জারি করা এক নোটিশে জানানো হয়, রমজান মাসজুড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারের সব হোটেল, রেস্তোরাঁ ও চায়ের দোকান বন্ধ রাখতে হবে। রমজানের পরিবেশ বজায় রাখা এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি সম্মান দেখাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

নোটিশে আরও বলা হয়েছে, নির্দেশনা অমান্য করে কোনো ব্যবসায়ী দোকান খোলা রাখলে তাকে এক হাজার টাকা জরিমানা করা হবে। বিষয়টি কঠোরভাবে তদারকি করা হবে বলেও জানানো হয়েছে।

নোটিশে সুজাতপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. রোকন উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. সজীব হোসেন স্বাক্ষর করেছেন।

স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে এ নির্দেশনা নিয়ে আলোচনা চলছে। কেউ কেউ সিদ্ধান্তকে রমজানের ভাবগাম্ভীর্য রক্ষার উদ্যোগ হিসেবে দেখছেন, আবার অনেকে ব্যবসায়িক দিক বিবেচনার কথাও তুলে ধরছেন।





