শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ৫ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৯ পিএম
চাঁদপুরে ৫ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের বাবুরহাট বাজার ও বিসিক শিল্প নগরী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। স্বাস্থ্যবিধি না মেনে সেমাই উৎপাদনের অপরাধে নিউ চাঁদ ব্রেড এন্ড বিস্কুটকে ৮ হাজার টাকা, উৎপাদিত সেমাইয়ের মোড়কে খুচরা মূল্য উল্লেখ না থাকায় মেঘনা সেমাইকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া পণ্যের মোড়কে পূর্বের প্রতিষ্ঠানের ঠিকানা ব্যবহার করায় জি এস কনজুমারকে ১০ হাজার টাকা, মূল্য তালিকা না থাকা এবং খেজুরে তেল মিশিয়ে বিক্রয়ের অভিযোগে মীম এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের প্যাকেটে খেজুর প্যাকেটজাত করার অপরাধে সুব্রত বাণিজ্যালয়কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে ৩৩ হাজার টাকার জরিমানার আদেশ দেন চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি জানান, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ স্বেচ্ছায় পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে। অভিযান চলাকালে খেজুরের বিভিন্ন ব্র্যান্ডের অবৈধ প্যাকেট ধ্বংস করা হয়। পাশাপাশি নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকারবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকতে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital