বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক সভা ও ইফতার মাহফিল

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৪ পিএম
চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক সভা ও ইফতার মাহফিল

যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

মাহে রমাদান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর শহরের ইউরেশিয়া কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

তিনি বলেন, ইসলামে যাকাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠার অন্যতম মাধ্যম। সঠিকভাবে যাকাত আদায়ের মাধ্যমে সমাজে বৈষম্য হ্রাস ও দারিদ্র্য বিমোচন সম্ভব।

Model Hospital
তিনি আরও বলেন, মাহে রমাদান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে যাকাত ও সদকা আদায়ের মাধ্যমে ধনী-গরিবের মধ্যে ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হয় এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান মিয়া। তিনি বলেন, যাকাত কেবল দান নয়; এটি আল্লাহপ্রদত্ত সম্পদের একটি নির্ধারিত হক, যা যথাযথভাবে বণ্টন করা প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের দায়িত্ব। তিনি সমাজের বিত্তবানদের সঠিক হিসাবের মাধ্যমে যাকাত আদায়ের আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আবু নছর আশরাফী।

চাঁদপুর শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট শাহজাহান খানের সভাপতিত্বে এবং সেক্রেটারি বেলায়েত হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান, অধ্যক্ষ হারুন আর রশিদ ও দারুসসালাম মসজিদের ইমাম অধ্যাপক সোহাইল আহমেদ চিশতী।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নেতা মোহাম্মদ হোসাইন, শহর শাখার সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, অ্যাডভোকেট মামুন মিয়াজীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।