মতলব দক্ষিণে কয়েলের কাঁচামাল তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪২ পিএম
চাঁদপুরের মতলব দক্ষিণে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি কয়েলের কাঁচামাল তৈরির কারখানা পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার দিবাগত (২৬ ফেব্রুয়ারী) রাত ২ টার দিকে উপজেলার নায়েরগাঁও বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. মেহেদী হাসান।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত দুইটার দিকে হঠাৎ কারখানার ভেতর থেকে আগুন ও ধোঁয়া বের হতে থাকে। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় চার ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই কারখানাটি পুড়ে ছাই হয়ে যায়।
কারখানার মালিক মো. শাহজালাল বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে এসে দেখি সবকিছু শেষ হয়ে গেছে। আমি নি:স্ব হয়ে গেছি। এসময় তিনি জানান মালামাল, মেশিন, মোটরসহ কারখানার প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
মতলব দক্ষিণ উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় চার ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। কারখানাটিতে কয়েলের পাউডার বানানো ৩টি মেশিন, ৪টি মোটর, মজুদকৃত মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।





