শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ পৌর নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা সাবেক মেয়র মঞ্জিল হোসেনের

এস. এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৬ পিএম
ফরিদগঞ্জ পৌর নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা সাবেক মেয়র মঞ্জিল হোসেনের
আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জ পৌরসভার মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। পোস্টে তিনি লেখেন, “আমি আপনাদেরই লোক, আপনাদের পরিচিত মুখ। আমি ফরিদগঞ্জ পৌরসভার দুই দুইবারের মেয়র নির্বাচিত হয়েছি। আপনারা আমার পাশে থাকলে এবং সমর্থন দিলে এবারও নির্বাচন করব, ইনশাআল্লাহ।”
তিনি আরও লেখেন, অতীতেও যেমন পৌরবাসী তাঁর পাশে থেকে সমর্থন দিয়েছেন, তেমনি এবারও পাশে থাকবেন বলে তিনি আশাবাদী। নিজেকে ‘আপনাদের সন্তান’ উল্লেখ করে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করেন তিনি।
রাজনৈতিক জীবনে ছাত্র রাজনীতি দিয়ে পথচলা শুরু করেন মঞ্জিল হোসেন। তিনি একসময় ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ-এর ভিপি ছিলেন। পরবর্তী সময়ে উপজেলা ছাত্রদলের সভাপতি, জেলা ছাত্রদলের সহ-সভাপতি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, পৌর বিএনপির সভাপতি এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন।
এ ছাড়া তিনি ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান এবং ফরিদগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দুই দফা দায়িত্ব পালন করেন।
মিডিয়ায় দেওয়া এক বক্তব্যে মঞ্জিল হোসেন বলেন, পৌরবাসীর প্রত্যাশা পূরণ এবং অসমাপ্ত উন্নয়নকাজ সম্পন্ন করতেই তিনি আবারও নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সবার দোয়া ও সমর্থন কামনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital