বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিএনপি করার কারণে মামলায় জড়ানোর অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:৫০ পিএম
বিএনপি করার কারণে মামলায় জড়ানোর অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন
চুরির ঘটনাকে কেন্দ্র করে সালিসি বিচার এবং পরবর্তীতে এক যুবকের আত্মহত্যার ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনা মামলায় আসামি অন্তর্ভুক্তিকে ঘিরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় উত্তেজনা দেখা দিয়েছে। মামলায় আসামি করা ব্যক্তিদের পরিবারের দাবি-রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্দোষ ব্যক্তিদের মামলায় জড়ানো হয়েছে। এ প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।
বুধবার (১১ মার্চ ২০২৬) দুপুরে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চরমথুরা গ্রামে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা ও অভিযুক্তদের স্বজনরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হাঁস চুরির অপবাদে সালিসি বৈঠকের মাধ্যমে দোষী সাব্যস্ত করে ‘নাকে খত’ দেওয়া এবং অর্থদণ্ড করার জেরে মো. মাসুম মিজি (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন-এ অভিযোগে তার পিতা আলাউদ্দিন মিজি বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। সোমবার (৯ মার্চ) রাতে মামলাটি দায়ের করা হয়। তবে যাদের আসামি করা হয়েছে, তারা সালিস বা সংশ্লিষ্ট কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন না বলে দাবি করেন বক্তারা।
তারা আরও বলেন, মামলার প্রধান আসামি সোহেল মোল্লা কয়েক মাস আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। অন্য আসামিরাও ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তা সত্ত্বেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদের মামলায় জড়ানো হয়েছে।
স্থানীয় ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাহিন সরকার বলেন, সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সোহেল মোল্লাসহ কয়েকজন বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন।
অন্যদিকে সালিস পরিচালনাকারী ইউপি সদস্য মিজানুর রহমান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। রাজনৈতিক বিরোধের জের ধরেই বিএনপি নেতাকর্মীদের হয়রানি করতে উদ্দেশ্যমূলকভাবে এ মামলা দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
মামলার সাক্ষী আল আমিন অভিযোগ করেন, তাকে সাক্ষী করা হলেও এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি বলেন, সালিস চলাকালে তিনি উপস্থিত থাকলেও মামলার কয়েকজন আসামি সেখানে ছিলেন না। তাদের কীভাবে আসামি করা হলো, সে বিষয়ে তিনি অবগত নন।
মানববন্ধনে আরও বক্তব্য দেন স্থানীয় বিএনপি নেতা মামুন, জাহাঙ্গীর হোসেন, প্রধান আসামি সোহেল মোল্লার স্ত্রী তাসলিমা বেগম এবং পৌর যুবদল নেতা রাজু পাটওয়ারী।
উল্লেখ্য, গত ৭ মার্চ হাঁস চুরির অভিযোগে চরমথুরা গ্রামের মাসুম মিজিকে পরদিন ৮ মার্চ সালিসের মুখোমুখি করা হয়। স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান ও এলাকার কয়েকজন ব্যক্তি ওই সালিসে অংশ নেন। সালিসে মাসুমকে ‘নাকে খত’ দেওয়া এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ওই দিন বিকেলে তিনি নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তদন্তকারী কর্মকর্তা এসআই হেলাল উদ্দিন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।