শাহরাস্তিতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল
নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১০:২৮ পিএম
শাহরাস্তিতে পবিত্র মাহে রমজানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) বিকেলে শাহরাস্তি উপজেলার মেহার উচ্চ বিদ্যালয় মাঠে শাহরাস্তি পৌরসভা ছাত্রদলের উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য আলহাজ্ব লায়ন ইঞ্জিঃ মমিনুল হক এমপি। তিনি ভার্চুয়াল বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে তাঁর রুহের মাগফেরাত কামনা করেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থাকার আহ্বান জানান।
শাহরাস্তি পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইমাম রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোঃ ইকবাল হোসেন এবং শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোঃ ইকবাল হোসেন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য সারাজীবন সংগ্রাম করেছেন। তাঁর আদর্শ ধারণ করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আসন্ন শাহরাস্তি পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন এবং জনগণের দোয়া ও সমর্থন পেলে পৌরবাসীর উন্নয়ন ও কল্যাণে কাজ করবেন। একই সঙ্গে দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এছাড়া উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, সদস্য সচিব আজগর হোসেন মোল্লা, যুগ্ম আহ্বায়ক আদনান নোমান, পৌর ছাত্রদলের সভাপতি মাজহারুল ইসলাম জুয়েল, স্বেচ্ছাসেবক দলের নেতা নেয়ামত উল্লাহ অভিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত মুসল্লিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।





