শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে ঈদ ও মেলা ঘিরে নৌপথে ডাকাত আতঙ্ক টহল বাড়ানোর দাবি

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৮:০৮ পিএম
মতলব উত্তরে ঈদ ও মেলা ঘিরে নৌপথে ডাকাত আতঙ্ক টহল বাড়ানোর দাবি
চাঁদপুরে ঈদ ও লেংটার মেলাকে কেন্দ্র করে মতলব উত্তর উপজেলার কালীপুর-চরকালীপুর ট্রলারঘাটসহ অন্যান্য ঘাটে ডাকাত আতঙ্ক দেখা দিয়েছে। জানা যায়, এ এলাকায় স্বল্প সময়ের মধ্যেই ঈদুল ফিতর ও শাহ্ সোলাইমান (র.) ওরফে লেংটার মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে মানুষের জনসমাগম ও যাতায়াত ব্যাপকভাবে বেড়ে যাবে। তাই দুটি উৎসব ঘিরে এ আতঙ্ক দেখা দিয়েছে জনমনে।
স্থানীরা জানান, কালীপুর-চর কালীপুর ট্রলারে করে পারাপার হতে সময় লাগে ১৫-২০ মিনিট। ঈদ ও লেংটার মেলাকে কেন্দ্র করে ঈদের এই সময়ে ট্রলারে প্রতিদিন ৮-১০ হাজার মানুষ এই ঘাট দিয়ে যাতায়াত করে। আর এতটুকু দূরত্বের মধ্যে প্রায় প্রতি বছরই ডাকাতির ঘটনা ঘটে থাকে। এবারও ডাকাতির আশঙ্কা করছে স্থানীয় লোকজন ও নিয়মিত পারাপারের অনেক যাত্রী।
খোঁজ নিয়ে জানা যায়, সময় কম লাগার কারণে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার অসংখ্য মানুষ ঢাকা যাতায়াতের জন্য নৌপথে ট্রলারযোগে এ পথে ধনাগোদা নদী পার হয়ে কালীপুর-চর কালীপুরা দিয়ে যাতায়াত করে। প্রতিদিন এই রুটে শতাধিক যাত্রীবাহী ট্রলারের মাধ্যমে কয়েক হাজার যাত্রী পারাপার হয়।
সাধারণত বছরের অন্যান্য সময় বিশেষ করে বৃহস্পতি, শুক্র, শনিবার দিনে রাতে ৩-৪ হাজার যাত্রী এ পথে পারাপার হয় থাকে। ঈদে যাত্রীর সংখ্যা দাঁড়ায় দৈনিক ৭-৮ হাজারের মতো। কিন্তু এবার ঈদ ও স্থানীয় আলোচিত লেংটার মেলা একসঙ্গে হওয়ায় দৈনিক ১০-১২ হাজার যাত্রীর পারাপার হতে পারে বলে আশা করছে স্থানীয় লোকজন, ব্যবসায়ী ও নৌঘাট সংশ্লিষ্টরা। আর এই সময়টাতে ছোট্ট নদীতে ডাকাতি হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে এ সময়ে
ধনাগোদা নদীতে অতিরিক্ত টহলের দাবি জানিয়েছে স্থানীয়রা।
আলী হোসেন নামে মতলব উত্তর উপজেলার একলাশপুর এলাকার এক যাত্রী জানান, ‘আমি মতলব উত্তর থেকে ঢাকা যাওয়ার জন্য এই পথে নিয়মিত আসা-যাওয়া করি। বৃহস্পতিবার ঢাকা থেকে বাড়িতে ফিরতে একটু বেশি রাতই হয়ে যায়। আমাদের ট্রলার যখন মধ্যনদীতে, তখন ট্রলারটিকে কেন্দ্র করে দুই দিক থেকে কয়েকটি লেজার লাইট মেরেছিল। আমিসহ আমরা ১১ জন যাত্রী ছিলাম ঐ ট্রলারে। সবাই ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি।’
মতলব উত্তর উপজেলার জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাহবুব আলম লাভলু জানান, ‘এই পথে কয়েক বছর আগে ঢাকা থেকে বাড়ি ফেরার সময় আমার কাছে যা ছিল ডাকাতরা আমার সব লুটে নেয়। ঐ সময় ওদের আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও চরম খারাপ আচরণের কারণে আমি খুবই আতঙ্কিত হয়ে পড়েছিলাম।’
নাম প্রকাশ না করা শর্তে ট্রলারের কয়েক জন চালক জানায়, ডাকাতরা যখন আক্রমণ করে, তারা দুই দিক থেকেই আক্রমণ করে। কিছু বুঝে ওঠার আগেই অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে যাত্রীদের মালামাল লুট করে নিয়ে যায়। কেউ মালামাল দিতে না চাইলে মারধর করে।
এ বিষয়ে বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম বলেন, ধনাগোদা নদীতে যাত্রীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ঈদ ও লেংটার মেলাকে সামনে রেখে নদীপথে টহল জোরদার করা হবে।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, ঈদ ও স্থানীয় বৃহৎ লেংটার মেলাকে কেন্দ্র করে মানুষের যাতায়াত অনেক বাড়বে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।