শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে রুবেল হত্যার ১৮ দিনেও অগ্রগতি নেই, বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

এস. এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৯:৪৮ পিএম
ফরিদগঞ্জে রুবেল হত্যার ১৮ দিনেও অগ্রগতি নেই, বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
চাঁদপুরের ফরিদগঞ্জে নূরানী মাদ্রাসার শিক্ষার্থী আট বছর বয়সী শিশু রুবেল হত্যার ১৮ দিন পেরিয়ে গেলেও মামলার উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।
শুক্রবার (২৭ মার্চ ২০২৬) বিকেলে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের পাটওয়ারীর বাজারে বিক্ষুব্ধ জনতা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। একই সময়ে শিশুটির বাড়ির সামনে নারীরাও পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত রুবেলের বাবা আব্দুল কাদের, মা পরান বেগম, ইউপি সদস্য আবু সাদেকসহ স্থানীয় বাসিন্দা মো. ইব্রাহিম খান, মোশারফ হোসেন বতু, রহমত উল্ল্যা তালুকদার, জাহাঙ্গীর খান ও তুহিন হাসান চৌধুরী।
বক্তারা বলেন, একটি আট বছরের শিশুর কোনো শত্রু থাকার কথা নয়। রুবেল মাদ্রাসার বোর্ডিংয়ে থাকলেও মাহে রমজান উপলক্ষে বাড়িতে এসেছিল। গত ১০ মার্চ তারাবিহ নামাজ পড়তে গিয়ে সে নিখোঁজ হয় এবং কয়েক ঘণ্টা পর বাড়ির পাশের বাঁশঝাড় থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এতদিন পার হলেও পুলিশ হত্যার কারণ উদঘাটন বা কাউকে গ্রেপ্তার করতে না পারায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। শিশুরা ভয়ে ভয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে বলেও জানান তারা।
নিহতের পরিবার জানায়, রুবেলের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। সে তিন ভাইয়ের মধ্যে সবার ছোট। তার এমন নির্মম মৃত্যুতে পরিবারটি ভেঙে পড়েছে। সন্তানের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, “শিশু রুবেল হত্যার ঘটনায় পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে।”
উল্লেখ্য, ১০ মার্চ ইফতারের পর তারাবিহ নামাজ পড়তে বের হয়ে নিখোঁজ হয় রুবেল। পরে রাতেই বাড়ির পাশের বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রুবেলের বাবা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।