শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় তিন আসামি ঢাকা থেকে গ্রেফতার

এস এম ইকবাল প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৮:২২ পিএম
ফরিদগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় তিন আসামি ঢাকা থেকে গ্রেফতার
চাঁদপুরের ফরিদগঞ্জে কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত আরও তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিনের নির্দেশনায় এবং ওসি (তদন্ত) এমদাদুল হকের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. রাকিবুল হাসানের নেতৃত্বে একটি দল ঢাকার বিভিন্ন স্থানে টানা অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- ইসমাইল হোসেন (৪২), মো. ফয়েজ (৩৮) এবং হাজেরা বেগম (৬০)।
তারা সবাই উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গুপ্টি গ্রামের মজুমদার বাড়ির বাসিন্দা।
এর আগে, গত ২৩ মার্চ সোমবার সকালে কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে একই বাড়ির বাসিন্দা বৃদ্ধ আলী হায়দার(৬২কে বেদম মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও পরদিন ২৪ মার্চ রাতে তিনি মারা যান।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় এবং তাৎক্ষণিকভাবে ফাতেমা বেগম ওরফে দুলালী (৪০) নামে একজনকে গ্রেফতার করে। পরবর্তীতে নিহতের স্বজনরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহতের পুত্রবধূ আছমা বেগম জানান, “আমার শ্বশুরের মৃত্যুর খবর পেয়ে আসামিরা বাড়ি থেকে পালিয়ে যায়।”
পুলিশ সূত্রে জানা গেছে, বৃদ্ধ আলী হায়দারের মৃত্যুর সংবাদ পেয়ে অভিযুক্তরা নিজেদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যায়। পরে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় টানা দুইদিন অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, “মারধরের ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রথমে একজনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের থানায় আনা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।”
তিনি আরো জানান, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনে আরও জড়িতদের আইনের আওতায় আনা হবে।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।