প্রতিকার চেয়ে মানববন্ধন
কচুয়ায় সড়ক সংস্কারের ধোঁয়ায় দম বন্ধ জনজীবন, বাড়ছে শ্বাসকষ্ট রোগী
কচুয়া-সাচার সড়কের দোয়াটি এলাকায় সড়ক সংস্কারের বয়লার জ্বালিয়ে মিশ্রণ তৈরি করায় এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন, ইনসেটে সড়ক সংস্কারের বয়লার জ্বালিয়ে মিশ্রন অন্যত্র নেয়ার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
চাঁদপুরের কচুয়া-সাচার সড়কের দোয়াটি এলাকায় চলমান সড়ক সংস্কার কাজ যেন আশীর্বাদের বদলে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের জন্য। উন্নয়নের এই কাজ ঘিরে উঠছে ধোঁয়ার কুণ্ডলী, আর সেই ধোঁয়াতেই যেন দম বন্ধ হয়ে আসছে আশপাশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

সোমবার দুপুরে দোয়াটি এলাকায় মানববন্ধনে অংশ নিয়ে ক্ষোভ আর অসহায়ত্বের কথা তুলে ধরেন ৯০টি পরিবার ও স্থানীয় এলাকাবাসী। তাদের অভিযোগ,সড়ক সংস্কারের জন্য ব্যবহৃত বয়লারের ধোঁয়া পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ছে। ফলে বাতাস দূষিত হয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। ঘরের ভেতর পর্যন্ত ঢুকে পড়া এই ধোঁয়ায় সবচেয়ে বেশি ভুগছেন শিশু ও বৃদ্ধরা।

স্থানীয়দের দাবি, এই দূষণের কারণেই দোয়াটি সরকার বাড়ির অধিবাসী মফিজুল ইসলাম নামের এক ব্যক্তি শ্বাসকষ্টে মারা গেছেন। যদিও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো তদন্ত হয়নি, তবুও এলাকাবাসীর মাঝে এ নিয়ে গভীর উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত এই সমস্যার সমাধান দাবি করেন এবং সড়ক সংস্কারের কাজে বিকল্প ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি নিয়ে ঠিকাদারের সঙ্গে কথা বললেও তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনকি শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

স্কুলগামী শিক্ষার্থীরা জানান, প্রতিদিন মাস্ক আর হাত দিয়ে নাক-মুখ ঢেকে রাস্তা পার হতে হয়। ধুলার কারণে কাশি হচ্ছে, অনেকেই অসুস্থ হয়ে পড়ছি।
অন্যদিকে, দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার মাসুম বিল্লাহ জানান, এটি একটি সরকারি উন্নয়ন প্রকল্প। সড়ক সংস্কারের জন্য বয়লার ব্যবহার করে উপকরণ প্রস্তুত করা হচ্ছে, যা পরে আলীয়ারা-নন্দনপুর সড়কের কাজ করা হয়। তিনি দাবি করেন, ধোঁয়ার মাত্রা তেমন বেশি নয় এবং কাজ দ্রুত শেষ হয়ে যাবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ জাহিদ হোসাইন বলেন, ধোয়া ও ধুলাবালির কারণে সর্দি-কাশি, শ্বাসকষ্টসহ বিভিন্ন শ্বাসযন্ত্রের রোগে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি ঝুঁকিতে রয়েছে। সবাইকে অবশ্যই মাস্ক ব্যবহার ও সতর্ক থাকতে হবে।





