সন্ধ্যা ৭টার পর দোকান খোলা: হাজীগঞ্জ বাজারে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে সরকারি নির্দেশনা অমান্য করে সন্ধ্যা ৭টার পর দোকান খোলা রাখার অভিযোগে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান।

অভিযানে অপ্পো মোবাইল শোরুম, ইজি ব্র্যান্ড, ফাতেমা ইলেকট্রনিক, হাই চয়েজ, সাথী লাইব্রেরি ও যুথি ফ্যাশনসহ মোট ৭টি প্রতিষ্ঠানকে এক হাজার টাকা করে সর্বমোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌরসভার বাজার পরিদর্শক খাজা সফিউল বাশার রুজমন, হাজীগঞ্জ থানা পুলিশ এবং হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্যরা।

উপজেলা প্রশাসন জানায়, সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





