পহেলা বৈশাখ উপলক্ষে তিন দিনের সফরে হাজীগঞ্জ আসছেন এমপি মমিনুল হক
পহেলা বৈশাখ (বাংলা নববর্ষ ১৪৩৩) উপলক্ষে চাঁদপুর–৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মো. মমিনুল হক তিন দিনের সফরে নির্বাচনী এলাকায় আসছেন। ১২ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত এই সফরে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বলে এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১২ এপ্রিল বিকেল ৪টায় ঢাকা থেকে নিজ বাড়ি হাজীগঞ্জের সোনাইমুড়ীতে পৌঁছাবেন তিনি। পরদিন ১৩ এপ্রিল সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসনের পরিচিতি সভায় অংশ নেবেন।

১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজীগঞ্জ ও শাহরাস্তির বিভিন্ন স্থানে বৈশাখী মেলা ও বাজারে জনসংযোগ করবেন সংসদ সদস্য। ওইদিন সকাল ৮টায় আলীগঞ্জ বৈশাখী মেলায় অংশগ্রহণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন তিনি। পরে সকাল ৯টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত ওয়ারুক বাজার, হোসেনপুর বাজার ও কাঁকৈরতলা বাজার পরিদর্শন করবেন।

দুপুর ১২টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত শোরশাক বাজার, পালিশারা বাজার, বেলচোঁ বাজার ও রামচন্দ্রপুর বাজার পরিদর্শনের কথা রয়েছে। বিকেল ৩টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত বলাখাল বাজার, বাকিলা বাজার, রাজারগাঁও বাজার, রামপুর বাজার ও হাজীগঞ্জ বাজারে জনসংযোগ করবেন তিনি। সন্ধ্যা ৭টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার মধ্য দিয়ে সফর শেষ করবেন সংসদ সদস্য মমিনুল হক।

এই সফরসূচি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (হাজীগঞ্জ ও শাহরাস্তি), সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং হাজীগঞ্জ–শাহরাস্তি উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের কাছে পাঠানো হয়েছে।





