বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নির্ধারিত বরাদ্দের বাহিরে তেল নেওয়া হলে কঠোর ব্যবস্থা : চাঁদপুর জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১০:০৬ পিএম
নির্ধারিত বরাদ্দের বাহিরে তেল নেওয়া হলে কঠোর ব্যবস্থা : চাঁদপুর জেলা প্রশাসক

চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুরের নবাগত ডিসি আহমেদ জিয়াউর রহমানের সাথে রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সাথে জেলার রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সভায় জেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানজট নিরসন, বালু উত্তোলন, কিশোর গ্যাংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে খোলামেলা আলোচনা হয়।
সভায় সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, সরকারি অনুমতি ছাড়া কোনোভাবেই বালু উত্তোলনের সুযোগ নেই। অনুমতি দিলেও তা নির্ধারিত নীতিমালা ও রাজস্ব আদায়ের শর্ত পূরণ করেই দেওয়া হবে। ইতোমধ্যে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ১৫টি স্কেভেটর বিকল করা হয়েছে। ২১ জনকে আসামি করে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
কিশোর গ্যাং সদস্যদের গ্রেফতারের পর দ্রুত জামিনে মুক্তির বিষয়ে তিনি বলেন, রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। প্রশাসনের পক্ষ থেকে আদালতের জামিন সংক্রান্ত বিষয়ে কোনো হস্তক্ষেপ করা সম্ভব নয়।
যানজট ও সামাজিক সচেতনতা নিয়ে উদ্যোগ নিয়ে ডিসি আরও বলেন, শহরের যানজট নিরসনে উপস্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানে সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। সন্ধ্যার পর শিক্ষার্থীদের প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিরুৎসাহিত করতে হবে। জাটকা রক্ষা অভিযান ও জ্বালানি তেল তদারকি আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলমান জাটকা রক্ষা অভিযানে সকলের সহযোগিতা কামনা করছি৷
জ্বালানি তেলের বিষয়ে জেলা প্রশাসক বলেন, প্রতিটি ফিলিং স্টেশনের জন্য নির্ধারিত বরাদ্দের বাইরে তেল নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তদারকির জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশনা থাকলেও তা বাস্তবায়নে সীমাবদ্ধতা রয়েছে বলে জানান তিনি।
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক তার বক্তব্যে বলেন, শহরের রাস্তা প্রশস্তকরণ, বিকল্প সড়ক নির্মাণ, নদী ভাঙন রোধ এবং যানজট নিরসনে কার্যকর উদ্যোগ নিতে হবে। অটোরিকশা গুলোকে পুনরায় শৃঙ্খলার মধ্যে আনার কথাও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, তেলের পাম্প গুলোতে নজরদারি বাড়াতে হবে এবং অতিরিক্ত তেল সংগ্রহ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এছাড়া শহরে ট্রাক্টর চলাচল বন্ধ এবং গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক পুলিশ বক্স স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।
মাদক ও কিশোর গ্যাং বিষয়ে এমপি বলেন, মাদক পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। পরিবারভিত্তিক সচেতনতা ছাড়া এটি নিয়ন্ত্রণ সম্ভব নয়। কিশোর গ্যাং দমনে অভিভাবক ও পুলিশের সমন্বিত ভূমিকা জরুরি।
চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মমিনুল হক বলেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, জনগণের জন্য কাজ করতেই এসেছি। রাজনৈতিক নেতাদের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি হাজীগঞ্জ ও শাহরাস্তিতে যানজট নিরসনে পূর্বের উদ্যোগের কথা উল্লেখ করে জেলার সব আসনে সমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
উন্মুক্ত আলোচনায় উঠে আসে সম্ভাবনা ও সংকট সভায় জেলার নদীপথ, রেলপথ, নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান বলেন, জেলার সমস্যাগুলো সম্মিলিতভাবে সমাধান করতে হবে। সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে সবাই একসাথে কাজ করলে উন্নয়ন ত্বরান্বিত হবে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও মানহানিকর কনটেন্ট এর বিরুদ্ধে প্রশাসনকে কঠোর নজরদারির আহ্বান জানান।
এ সময় বক্তব্য রাখেন  চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক এড:  একেএম সলিম উল্লাহ সেলিম, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসাইন, চাঁদপুর  জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু, চাঁদপুরের পিপি এড: কোহিনুর আক্তার, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, গনফোরামের সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর, শহর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান খান, মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম বরকন্দাজ, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী, চাঁদপুর জেলা শাখা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, চাঁদপুর জেলা এনসিপি আহ্বায়ক মাহবুবুর রহমান,  উইমেন চেম্বারের সভাপতি মুনিরা আক্তার, জেলা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান,চাঁদপুর প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সাধারণ সম্পাদক সাংবাদিক জিএম শাহীন।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক, নারী ও শিশু পিপি এড: শিরীন সুলতানা মুক্তা, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা, খেলাফত মজলিসের সভাপতি তোফায়েল আহমেদ, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর জেলা সাহিত্য একাডেমীর মহাপরিচালক সাংবাদিক  কাদের পলাশ, বীর প্রতীক নৌ কমান্ডো বাচ্চু মিয়া পাটোয়ারী, বিএনপি নেতা খলিলুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
সভায় চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সবার সহযোগিতায় চাঁদপুরের উন্নয়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, সরকারের নির্দেশনা মেনে এবং সকল জনপ্রতিনিধিকে সাথে নিয়ে বৈষম্যহীনভাবে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।