শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ৪৫ বাজারে খাজনা বন্ধ, বাসস্ট্যান্ড ও সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি নিষিদ্ধ

মো. মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৫:৩১ পিএম
চাঁদপুরে ৪৫ বাজারে খাজনা বন্ধ, বাসস্ট্যান্ড ও সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি নিষিদ্ধ

চাঁদপুর-৫ (শাহরাস্তি–হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ও দীর্ঘদিনের চাঁদাবাজির সংস্কৃতি বন্ধে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। তাঁর সরাসরি উদ্যোগে আগামী ১লা বৈশাখ থেকে শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলার মোট ৪৫টি বাজারে কোনো ধরনের খাজনা আদায় করা হবে না। পাশাপাশি বাসস্ট্যান্ড ও সিএনজি স্ট্যান্ডে ইজারা ও চাঁদাবাজির প্রচলিত প্রথাও বন্ধ করার ঘোষণা দিয়েছেন তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি উপজেলা প্রশাসন ও সুধীজনদের উপস্থিতিতে আয়োজিত এক সভায় সংসদ সদস্য হিসেবে নিজের প্রথম বক্তব্যেই তিনি গ্রামীণ জনগোষ্ঠীর দীর্ঘদিনের বঞ্চনার বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেন, একজন প্রান্তিক কৃষক কঠোর পরিশ্রমে ফসল উৎপাদন করে বাজারে আনলেও ন্যায্য মূল্য পায় না। ফসল বিক্রির বড় অংশ চলে যায় মধ্যস্বত্বভোগী ও ইজারাদারদের হাতে। ফলে কৃষককে নাম মাত্র মূল্যে ফসল বিক্রি করে হতাশা নিয়ে বাড়ি ফিরতে হয়। এই অবস্থা থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতেই তিনি খাজনামুক্ত বাজার চালুর উদ্যোগ নিয়েছেন।

এ বিষয়ে ১৩ এপ্রিল হাজীগঞ্জে অনুষ্ঠিত এক সভায় তিনি আবারও বিষয়টি উল্লেখ করেন এবং বলেন, “আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি তাদের সেবা করার জন্য। বাজার, বাসস্ট্যান্ড কিংবা সিএনজি স্ট্যান্ড—কোথাও সাধারণ মানুষের ওপর কোনো ধরনের হয়রানি বা চাঁদাবাজি বরদাশত করা হবে না। কেউ যদি খাজনা বা ইজারার নামে মানুষকে হয়রানি করার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Model Hospital

সাধারণত বাজার ইজারা না দিলে সরকারি কোষাগারে রাজস্ব ঘাটতি তৈরি হয়। তবে এই ক্ষেত্রে ভিন্নধর্মী সমাধান করা হয়েছে। উপজেলা প্রশাসন বাজার ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ করার পর সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক নিজ উদ্যোগে সরকারি নিয়ম মেনে নির্ধারিত সমপরিমাণ রাজস্ব সরকারি কোষাগারে জমা দিয়েছেন। ফলে সরকার রাজস্ব হারাচ্ছে না, আবার কৃষক ও ব্যবসায়ীদেরও খাজনা দিতে হচ্ছে না।

আগামী ১লা বৈশাখ শাহরাস্তিতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ‘খাজনামুক্ত বাজার’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানা গেছে।
এ বিষয়ে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন বলেন, জনকল্যাণে এমন ব্যতিক্রমী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সাধারণত ইজারা বাতিলের ক্ষেত্রে সরকারি রাজস্ব আদায় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। কিন্তু এখানে নিয়ম মেনে নির্ধারিত রাজস্ব সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

ফলে সরকার যেমন রাজস্ব পাচ্ছে, তেমনি সাধারণ মানুষও সরাসরি উপকৃত হচ্ছে। এটি একটি অনুকরণীয় উদ্যোগ বলেও তিনি মন্তব্য করেন।

এ উদ্যোগে সমর্থন জানিয়েছে স্থানীয় বিএনপির নেতারাও।

শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া বলেন, “আমরা জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। খাজনামুক্ত বাজার সেই অঙ্গীকারেরই অংশ।” সংগঠনের সহ-সভাপতি আবু ইউসুফ রুপম বলেন, “খাজনার নামে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের ওপর যে অতিরিক্ত অর্থ আদায়ের প্রবণতা ছিল, এই সিদ্ধান্তের ফলে তার অবসান ঘটবে।

এদিকে বাজারের খাজনা বন্ধের ঘোষণায় স্থানীয় ব্যবসায়ী ও কৃষকদের মাঝে স্বস্তি ও উৎসবের আমেজ দেখা দিয়েছে। তারা বলছেন, এখন থেকে কোনো অতিরিক্ত অর্থের চাপ ছাড়াই স্বাভাবিকভাবে ফসল ও পণ্য কেনাবেচা করা যাবে। সচেতন মহল মনে করছেন, জনবান্ধব এই উদ্যোগ দেশের অন্যান্য সংসদীয় আসনের জন্যও একটি অনুসরণযোগ্য দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital