শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মেধা ও সৃজনশীলতায় চাঁদপুরের গর্ব সামিরা মেহনাজ নুসরাত

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১১:৩১ পিএম
মেধা ও সৃজনশীলতায় চাঁদপুরের গর্ব সামিরা মেহনাজ নুসরাত

সামিরা মেহনাজ নুসরাত চাঁদপুরের নাজিরপাড়া এলাকার এক উজ্জ্বল প্রতিভা, যিনি অল্প বয়সেই মেধা, সৃজনশীলতা ও বহুমুখী সাফল্যের মাধ্যমে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। ২০০৮ সালের ১৬ মে চাঁদপুর সদর উপজেলার নাজিরপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতা মো. শাহজাহান আহমেদ এবং মাতা মোসা. মোবাশ্বেরা আক্তার। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি সাহিত্যচর্চার প্রতি গভীর অনুরাগ ছিল সামিরার। গল্প ও কবিতা লেখায় তিনি বিশেষ স্বাচ্ছন্দ্যবোধ করেন, আর সেই অনুরাগই আজ তাকে স্থানীয় ও জাতীয় পত্রিকায় নিয়মিত লেখক হিসেবে পরিচিতি এনে দিয়েছে।

তিনি প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন চাঁদপুর মিশন প্রাথমিক বিদ্যালয় থেকে এবং মাধ্যমিক শিক্ষা অত্যন্ত কৃতিত্বের সাথে শেষ করেন মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। বর্তমানে তিনি চাঁদপুর সরকারি কলেজ-এর একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত। পড়াশোনার পাশাপাশি নিয়মিত লেখালেখি চালিয়ে যাচ্ছেন তিনি। তাঁর লেখা প্রকাশিত হয়েছে দৈনিক চাঁদপুর কণ্ঠ, জাতীয় সাপ্তাহিক অরুণোদয়সহ চাঁদপুরের বিভিন্ন স্থানীয় ও সাপ্তাহিক পত্রিকায়। তাঁর উল্লেখযোগ্য কবিতার মধ্যে রয়েছে কাব্য, কল্পনার দেশ, বাস্তব বড় কঠিন, আজ নয় কাল, পাখি, রোজার নূর, নাজাতের ঘ্রাণ; গল্প একজন মা ও তানিয়া; ছোটগল্প সোসাইটি, শীতের অপেক্ষায়, প্রিয় বন্ধু কাঠগোলাপ এবং প্রবন্ধ মায়ের ঈদ — আনন্দ, নীরব আত্মত্যাগ ও ভালোবাসার উৎসব।

শিক্ষা, সাহিত্য ও বিজ্ঞানের বিভিন্ন প্রতিযোগিতায় সামিরা ধারাবাহিকভাবে অসাধারণ সাফল্য অর্জন করে আসছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ, সৃজনশীল মেধা অন্বেষণ, বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা—প্রতিটি ক্ষেত্রেই তিনি জেলা ও উপজেলা পর্যায়ে একাধিকবার বিজয়ী হয়েছেন। ২০২৬ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে তিনি জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হন। এছাড়া চ্যানেল আই আয়োজিত বাংলাবিদ প্রতিযোগিতায় ২০২৪ সালে কুমিল্লা অঞ্চলের অন্যতম সেরা বাংলাবিদ হিসেবে স্বীকৃতি পান। পাশাপাশি তিনি জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার রচনা প্রতিযোগিতায়ও সাফল্য অর্জন করেন। তাঁর এই ধারাবাহিক অর্জন ইতোমধ্যে চাঁদপুরবাসীর কাছে গর্বের বিষয় হয়ে উঠেছে।

সামিরা বলেন, “ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল পড়াশোনার পাশাপাশি লেখালেখির মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া। প্রতিযোগিতায় অংশ নেওয়া আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে, নতুন কিছু শেখার অনুপ্রেরণা দিয়েছে। পরিবার, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা না পেলে এতদূর আসা সম্ভব হতো না। প্রতিটি অর্জনের পেছনে রয়েছে নিয়মিত পরিশ্রম, সময়ের সঠিক ব্যবহার এবং নিজের প্রতি দৃঢ় বিশ্বাস। আমি সবসময় চেষ্টা করি নতুন কিছু শিখতে, নিজেকে আরও দক্ষ করে তুলতে।

Model Hospital

তিনি আরও বলেন, “বিজ্ঞান আমার কৌতূহলকে জাগিয়ে রাখে আর সাহিত্য আমার অনুভূতিকে প্রকাশের পথ দেখায়। এই দুই ধারাকে একসাথে ধারণ করেই আমি সামনে এগোতে চাই। ভবিষ্যতে বিজ্ঞান নিয়ে উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি সাহিত্যচর্চা অব্যাহত রাখতে চাই, যেন জ্ঞান ও সৃজনশীলতার সমন্বয়ে সমাজ ও দেশের জন্য ইতিবাচক কিছু করতে পারি।” সর্বশেষ তিনি সবার কাছে দোয়া কামনা করে বলেন, “আমি যেন আমার স্বপ্ন পূরণের পথে সততা, পরিশ্রম ও মানবিক মূল্যবোধ ধরে রাখতে পারি—সেজন্য সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করছি।”

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital