শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি পৌর প্রশাসকের স্বাক্ষর জালিয়াতি কান্ডে অভিযুক্ত কর্মচারী বরখাস্ত

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১২:৩৬ এম
শাহরাস্তি পৌর প্রশাসকের স্বাক্ষর জালিয়াতি কান্ডে অভিযুক্ত কর্মচারী বরখাস্ত
শাহরাস্তি পৌরসভার প্রশাসকের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে পৌরসভার এক অস্থায়ী কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় সামিয়া টেলিকমের স্বত্বাধিকারীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় শাহরাস্তি পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন এ সিদ্ধান্ত দেন। বরখাস্ত হওয়া কর্মচারীর নাম মাইদুল। এছাড়া উপজেলা সদরে অবস্থিত সামিয়া টেলিকমের স্বত্বাধিকারী আবু সায়েমকে ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে পৌরসভার অস্থায়ী কর্মচারী মাইদুল ও আবু সায়েম পৌর প্রশাসকের স্বাক্ষর জাল করে অর্থের বিনিময়ে জন্মসনদ ও নাগরিক সনদ সরবরাহ করে আসছিলেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে মঙ্গলবার বিকেলে উপজেলা সদরে অবস্থিত সামিয়া টেলিকমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
পরবর্তীতে অভিযুক্তদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তির ভিত্তিতে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে পৌরসভার কর্মচারী মাইদুলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এবং সামিয়া টেলিকমের স্বত্বাধিকারী আবু সায়েমকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
শাহরাস্তি পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন বলেন, “সরকারি নথিপত্রে স্বাক্ষর জালিয়াতি একটি গুরুতর অপরাধ। এ ধরনের অনিয়মের বিষয়ে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। প্রাথমিক তদন্তে যারা জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্য কেউ থাকলে তদন্তের মাধ্যমে তাদেরও আইনের আওতায় আনা হবে। পাশাপাশি অভিযুক্ত সামিয়া টেলিকমের স্বত্বাধিকারী আবু সায়েমকে উপজেলা সদর থেকে তার দোকান অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital