বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আপন কিডস স্পোকেন সেন্টারের বার্ষিক পিকনিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১২:০৮ এম
আপন কিডস স্পোকেন সেন্টারের বার্ষিক পিকনিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
আপন কিডস স্পোকেন সেন্টারের আয়োজনে উৎসবমুখর এবং আনন্দঘন পরিবেশে বার্ষিক পিকনিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল শুক্রবার চাঁদপুর মৎস্য ইনস্টিটিউটে এই আয়োজন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতা, গান, কবিতা আবৃত্তি, ছোট্ট নাটিকা উপস্থাপনসহ বিভিন্ন কর্মকান্ড অংশগ্রহণ করে।
এসময় অংশগ্রহণকারী শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে উৎসবমুখর আবহ এবং পারিবারিক বন্ধন দৃঢ় করার অনন্য প্রচেষ্টা লক্ষ্য করা যায়। বিকেলে সমাপনী পর্বে আপন কিডস স্পোকেন সেন্টার আয়োজিত ইংরেজি বর্ণাক্ষরে শুদ্ধ বানান প্রতিযোগিতাসহ বার্ষিক পিকনিকের বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আলমগীর হোসেন বাহার। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী গবেষণা কেন্দ্র, চাঁদপুর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আপন কিডস স্পোকেন সেন্টারের ফাউন্ডার ও প্রেসিডেন্ট রোটারিয়ান ডাক্তার রাশেদা আক্তার। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সামাজিক সংগঠন আপনের উপদেষ্টা রোটারিয়ান মাসুদ হাসান, মাতৃ পীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মাসুদুর রহমান, আপন-এর সিনিয়র সহ-সভাপতি রোটারিয়ান আশরাফুল আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক সিত্তুল মুনা‌ চৈতী, আপন কিডস স্পোকেন সেন্টারের শিক্ষক সামিয়া সুলতানা, লুতফুন্ননাহার।
 অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আপন-এর সাধারণ সম্পাদক আশিক বিন রহিম, কোষাধ্যক্ষ আল আমিন, সদস্য রাকিব, নকিব।
আমন্ত্রিত অতিথিরা বলেন, ইংরেজি ভাষায় দক্ষ করে তোলা আজকের সময়ে একটি গুরুত্বপূর্ণ চাহিদা। তবে এটি শুধু বইভিত্তিক পড়াশোনার মাধ্যমে সম্ভব নয়, বরং নিয়মিত চর্চা, বাস্তব জীবনে ব্যবহার এবং আত্মবিশ্বাসের সাথে বলার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে অর্জন করা যায়। ছোটবেলা থেকেই শিশুদের শুদ্ধ উচ্চারণ, সঠিক শব্দচয়ন এবং সহজভাবে নিজের ভাব প্রকাশের প্রশিক্ষণ দিলে তারা ধীরে ধীরে ভাষাটির উপর স্বাচ্ছন্দ্য লাভ করে।ইংরেজি দক্ষতা শুধু একটি ভাষা শেখা নয়, বরং এটি আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা এবং বৈশ্বিক সুযোগের দ্বার উন্মোচনের একটি মাধ্যম। তাই পরিকল্পিত ও আনন্দময় শিক্ষার মাধ্যমে শিশুদের ইংরেজিতে দক্ষ করে তোলা সময়ের দাবি। আর সেই কাজটি করছে আপন কিডস স্পোকেন সেন্টার। সৃজনশীল ভাবে শিশুদের ইংলিশ ভাষায় দক্ষ করার জন্য এই প্রতিষ্ঠানটি নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করছে। যা প্রশংসার দাবি রাখে। আমরা তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই।
বক্তারা আরো বলেন, আজকের এই আয়োজন শুধু একটি পিকনিক বা পুরস্কার বিতরণী নয়, বরং শিশুদের সৃজনশীলতা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার একটি সুন্দর প্ল্যাটফর্ম। আপন কিডস স্পোকেন সেন্টারের এমন উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে আরও আনন্দময় করে তুলবে। পাশাপাশি অভিভাবকদের সাথে তাদের একটি ইতিবাচক বন্ধন গড়ে তুলতে ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকলে শিশুরা যেমন আনন্দ পাবে, তেমনি তাদের মেধা ও মননের বিকাশ আরও সমৃদ্ধ হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।